'জয় বাংলা' শ্লোগান দিয়ে আ. লীগ নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ অবরোধ করে হকার্স লীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে ওই নেতার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
সাভার মডেল থানা পুলিশ ও আলী হায়দারের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে সাতটার দিকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে অন্তত ১০০ জন লোক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে সাভার পৌর এলাকার তালবাগে আলী হায়দারের বাড়ির সামনে দিয়ে চলে যায়। এর কয়েক মিনিট পরে তাঁরা পুনরায় বাড়ির সামনে গিয়ে হামলা চালিয়ে বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তাঁরা জানালার কাঁচ ভাঙচুরের পর বাড়ির সামনে ফুলের বাগান তছনছ করে। এ সময় সময় আলী হায়দার ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।
খবর পেয়ে স্থানীয় সাংসদ এনামুর রহমান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ সাভার থানা পুলিশকে নিয়ে ওই বাসায় যান। কিন্তু এর আগেই হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
এদিকে হামলার প্রতিবাদে আজ রাত পৌনে ১০টার দিকে সাভার হকার্স লীগের নেতা-কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের ওই পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা।
আলী হায়দারের বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুস সামাদ বলেন, দুর্বৃত্তরা পূর্ব দিক থেকে এসে প্রথমে মোটরসাইকেল মহড়া দিয়ে চলে যায়। কিছুদুর যাওয়ার পর তাঁরা আবার বাসার সামনে গিয়ে তাঁর মালিক আলী হায়দারকে গালিগালাজ করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত মূল ফটক বন্ধ করে দেন। এর পরপরই তারা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।
হামলার বিষয়ে আলী হায়দার বলেন, ‘আমাকে সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী মনে করে রাজনীতি থেকে সরিয়ে একঘরে করার জন্য আওয়ামী লীগের কতিপয় নেতার ইন্ধনে এ হামলা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে আমাকে প্রার্থী করার জন্য দলের পক্ষ থেকে দাবি উঠেছে। এর জের ধরে ভয় দেখানোর জন্যও হামলা হতে পারে। যাতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই।’
হামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, খোঁজখবর নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।