'জয়িতারা একেকজন বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার সঙ্গে অতিথিরা। ছবিটি গতকাল দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল থেকে তোলা l প্রথম আলো
বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার সঙ্গে অতিথিরা। ছবিটি গতকাল দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল থেকে তোলা l প্রথম আলো

শিশু বয়স থেকেই খেলাঘর এবং উদীচীর মাধ্যমে সমাজ উন্নয়নের সঙ্গে যুক্ত হন নিগার সুলতানা হনুফা। বাংলাদেশ মহিলা পরিষদ এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে থেকে ছাত্ররাজনীতি শুরু করা হনুফা বরিশাল পৌরসভার প্রথম সরাসরি নির্বাচিত নারী কমিশনার। পরে সিটি করপোরেশনে উন্নীত হলে সেখানেও কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

দৃঢ় মনোবল আর প্রবল ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করেছেন হনুফা। সমাজ উন্নয়নে নিজে অবদান রেখেছেন। অন্য অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী হতে মনোবল জুগিয়েছেন। বরিশাল বিভাগের ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ হনুফাকে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জয়িতা নির্বাচন করেছে। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে।

বিভাগের ছয় জেলার ১০ জন সংগ্রামী নারীর মধ্য থেকে পাঁচজনকে জয়িতা নির্বাচিত করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে বিভাগীয় পর্যায়ের ওই আয়োজন করে মহিলাবিষয়ক অধিদপ্তর বরিশাল।

হনুফা ছাড়া নির্বাচিত অপর চার নারী হচ্ছেন জীবনসংগ্রামে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বরিশাল সিটি করপোরেশনের গোরাচাঁদ দাস সড়ক বটতলা এলাকার বাসিন্দা বিলকিস আহম্মেদ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহমুদা খাতুন, সফল জননী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের লুৎফুন্নেছা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বিবি তাজেরা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের জয়িতারা একেকজন বাংলাদেশ। তাঁরা তাঁদের জীবনসংগ্রাম দিয়ে নিজেরা যেমন বাধা অতিক্রম করেছেন, তেমনি অন্য নারীদের সমাজে টিকে থাকার উদ্যম ও সাহস জুগিয়েছেন। এই জয়িতারাই বাংলাদেশকে এগিয়ে নেবেন।