'জয়িতারা নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা'
এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামীর হাতে অ্যাসিডদগ্ধ হয়েছিলেন কুমিল্লা জেলার আনোয়ারা বেগম। সেই স্বামীর ঘর ছেড়ে ছোট্ট চার শিশু নিয়ে একাই শুরু করেন জীবনযুদ্ধ। এক যুগ পরে সেই আনোয়ারা এখন আসবাব বিক্রির আটটি দোকানের মালিক। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সরকারি পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতিও পেলেন তিনি।
আজ মঙ্গলবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনোয়ারা বেগমের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে পাঁচ ক্যাটাগরিতে তৃণমূলে সফল ৫৫ জনের মধ্যে থেকে পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
এবার সেরার সম্মাননা পেয়েছেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বান্দরবান জেলার শার্লী মেশৈ প্রু মারমা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বান্দরবান জেলার উনুয়ী মারমা, সফল জননী চট্টগ্রামের সাতকানিয়ার সাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী আনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কক্সবাজার জেলার কানিজ ফাতেমা আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ নির্বাচিত জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সাবিনা নাহার মুছা, মাহজাবিন মোরশেদ, ওয়াসিকা আয়শা খান, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, স্থানীয় মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জয়নব বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাশিদা খানম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীন আখতার।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, তৃণমূলে থেকে সমাজে নিজের অবস্থান তৈরি করা নারীদের তুলে আনছে সরকার। কারণ, তাঁরা সমাজের নারীদের অনুপ্রেরণা ও আদর্শ। তাঁদের পথ ধরে অন্যরা এগিয়ে যাবেন। নারীরা আজ কোথায় নেই? সব ক্ষেত্রেই তাঁরা সাফল্য দেখাচ্ছেন। কিন্তু তারপরও সমাজে এখনো অনেক নারী নিগৃহীত হচ্ছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথমবার সরকারপ্রধান হয়েছিলেন, তখনই তিনি সেটি উপলব্ধি করেছিলেন। নারীর বর্তমান যে অগ্রযাত্রা, কোনো অপশক্তিই সেটি রুখতে পারবে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা স্বীকৃতি পাননি, তাঁরাও জয়িতা। সমাজের সব নারীই যে যার অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষদেরও সমান ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের মধ্যে বিভেদ নয়, সমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।
বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নির্বাচিত জয়িতাদেরও অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।