'জয়িতারা নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে গতকাল আয়োজিত জয়িতা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সমাজ পরিবর্তনের কান্ডারি জয়িতারা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে গতকাল আয়োজিত জয়িতা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সমাজ পরিবর্তনের কান্ডারি জয়িতারা l ছবি: প্রথম আলো

এক লাখ টাকা যৌতুক চেয়েছিলেন স্বামী। দিতে না পারায় তাঁর হাতে অ্যাসিডদগ্ধ হয়েছিলেন কুমিল্লার আনোয়ারা বেগম। পাষণ্ড সেই স্বামীর ঘর ছেড়ে ছোট চার শিশুকে নিয়ে একাই শুরু করেন জীবনযুদ্ধ। এক যুগ পর এখন আনোয়ারা বেগম আটটি আসবাব বিক্রির দোকানের মালিক। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সরকারি পর্যায়ে সেরার সেরা হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনোয়ারা বেগমের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার পাঁচ ক্যাটাগরিতে তৃণমূলে সফল নির্বাচিত ৫৫ জনের মধ্যে থেকে পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
এবারের সেরার সম্মাননা পেয়েছেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বান্দরবান জেলার শার্লী মেশৈ প্রু মার্মা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বান্দরবান জেলার উনুয়ী মার্মা, সফল জননী চট্টগ্রামের সাতকানিয়ার সাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নির্বাচিত জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সাবিনা নাহার মুছা, মাহজাবিন মোরশেদ, ওয়াসিকা আয়শা খান, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জয়নব বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান রাশিদা খানম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, তৃণমূল থেকে সমাজে নিজের অবস্থান তৈরি করা নারীদের তুলে আনছে সরকার। কারণ, তাঁরা সমাজের নারীদের অনুপ্রেরণা ও আদর্শ। তাঁদের পথ ধরে অন্যরা এগিয়ে যাবে। নারীরা আজ কোথায় নেই? সবক্ষেত্রেই তাঁরা সাফল্য দেখাচ্ছেন। কিন্তু তারপরও সমাজে এখনো অনেক নারী নিগৃহীত হচ্ছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাঁরা স্বীকৃতি পাননি, তাঁরাও জয়িতা। সমাজের সব নারীই যে যাঁর অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষদেরও সমান ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের মধ্যে বিভেদ নয়, সমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নির্বাচিত জয়িতাদেরও অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।