সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত হানার খবর শুনে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন সন্দ্বীপের উপকূলীয় এলাকার বেশির ভাগ বাসিন্দা। দ্বীপের ৯২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের মধ্যে দক্ষিণ-পশ্চিম অংশের ২০ কিলোমটার বাঁধ ভেঙে গেছে। মাঝারি থেকে বড় ধরনের ঝড় ও জলোচ্ছ্বাস হলে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সমগ্র দ্বীপ প্লাবিত করবে এমন আশঙ্কা করছেন দ্বীপবাসী।
দ্বীপের বিশাল উপকূলের বেড়িবাঁধের অধিকাংশ স্লুইসগেট অকেজো। ফলে পূর্ণিমা ও অমাবস্যার সময় জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। দ্বীপের সারিকাইত, মাইটভাঙ্গা, আজিমপুর, হরিশপুর, কালাপানিয়াসহ কয়েকটি এলাকায় অন্তত ২০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কিছুটা বাড়লে এলাকাগুলো প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত ৩০ হাজার মানুষ। বসতবাড়ি, রাস্তাঘাট, পুকুর ইত্যাদি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহান তাঁরা।
কালাপানিয়া ইউনিয়নের অন্তত চার কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নেই। ইউনিয়নের দিঘীরকোণা এলাকায় অবস্থিত স্লুইসগেইটটি দুই থেকে তিন বছর আগে বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন জানান, এখানকার বেশির ভাগ মানুষ আগাম সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। বেড়িবাঁধ না থাকায় এলাকার কয়েক শ একর জমির ফসল জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে।
দক্ষিণ সন্দ্বীপের সারিকাইত ও মাইটভাঙ্গা ইউনিয়ন সংলগ্ন বাংলাবাজার ধুপের খাল এলাকায় অন্তত ৪০০ ফুট অস্থায়ী বাঁধ বিলীন হয়ে গেছে। প্রতি অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারে এই এলাকার খেতের ফসল, মাছের ঘের, বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত তিন কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নেই। এলাকার মানুষজনকে প্রতিনিয়ত জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। ইউনিয়নের বাংলাবাজার এলাকার স্লুইসগেটটিও দুবছর আগে বিধ্বস্ত হয়। বড় কোনো ঘূর্ণিঝড়ের খবর শুনলে বুক কাঁপে। এলাকার মানুষজন জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যান।’
মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, ইউনিয়নের অন্তত ছয় থেকে সাত কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নেই। কিছু অংশে অস্থায়ী বাঁধ থাকলেও সামান্য জোয়ারে পুরো এলাকা প্লাবিত হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-খাজা আল আমীন বলেন, ‘অল্প কয়েক দিন আগেই আমি এ উপজেলায় যোগদান করেছি। সন্দ্বীপের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া জানান, সন্দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। তিনি আরও জানান, বর্ষার কারণে চলতি অর্থবছরে নির্মাণকাজ করা যাবে না। আগামী অক্টোবরের দিকে কাজ শুরু হবে। আপাতত কিছু সংস্কারকাজ করার চিন্তাভাবনা আছে।