‘ঝলক’ ঝলসে দিয়েছে হাজার কৃষকের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুই পোলাপান লইয়া কী খামু, কী দিয়া ধারদেনা দিমু? মুই যে পতের ফকির হইয়া গ্যালাম। মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে মোর সব শেষ অইয়া গেল।’ হতাশার সুরে কথাগুলো বলছিলেন বরিশালের উজিরপুর উপজেলার কাজী শাহ গ্রামের সিদ্দিকুর রহমান ফরাজী (৫৫)। এ কথা শুধু সিদ্দিকের নয়, উঠতি ফসল হারিয়ে একইভাবে হতাশায় নিমজ্জিত উপজেলার জল্লা ইউনিয়নের এক হাজার কৃষকের। বেশি ফসল পাওয়ার আশায় চলতি বছর বোরো চাষে ইউনিয়নের সাতটি গ্রামের কৃষকেরা ‘এগ্রো জি-১ ঝলক’ বীজ ব্যবহার করেন। ফসল ঘরে তোলার মাত্র কয়েক দিন আগে ইউনিয়নের প্রায় দুই হাজার একর জমির ধান ‘নেকব্লাস’ (ঘাড় পচা) রোগে ঝলসে গেছে। ফসল হারিয়ে কৃষকেরা এখন দিশেহারা। এ জন্য কৃষকেরা হাইব্রিড ওই ধানবীজকে দায়ী করে বলেন, ‘ঝলক’ ঝলসে দিয়েছে তাঁদের ভাগ্য। ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালের জল্লা ইউনিয়নের কাজী শাহ গ্রামের সিদ্দিকুর রহমানসহ শতাধিক কৃষক গত বছর ‘ঝলক’ বীজ ব্যবহার করে বেশি লাভ পান। সেই আশায় চলতি বছর জল্লা ইউনিয়নের চকমান, মুন্সির তাল্লুক, কুড়ালিয়া, জামবাড়ি, হারতা ও হাবিবপুর গ্রামের প্রায় এক হাজার কৃষক হাইব্রিড ঝলক বীজ ব্যবহার করেন। চাষিরা জানান, এবারও উৎপাদন ভালোই হয়েছিল। ধানের থোকা হয়েছিল বড় বড়। আর মাত্র ১০ দিন পরই ধান ঘরে তোলা যেত। হঠাৎ তিন দিনের ব্যবধানে (৫, ৬ ও ৭ এপ্রিল) সব ধান ঝলসে গেল। সরেজমিনে দেখা যায়, নষ্ট হয়ে যাওয়া খেতের ধানগাছগুলো সবুজ আর ধানের ছড়াগুলো পাকা ধানের মতো। দেখলে মনে হয়, পাকা ধান। আসলে তা নয়। ছড়া টানতেই ধরা পড়ে গোড়া পচা। শুকিয়ে যাওয়া ধানের মধ্যে চিটা। ক্ষতিগ্রস্তরা জানান, কোনো জমিতে এ রোগ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যায়। ঝলক বীজের স্থানীয় ডিলার হাবিবুর রহমান ও আ. হক মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সে কারণে তাঁরাও বেসামাল। তবে কী কারণে ধানগাছের এ অবস্থা হলো, এ জন্য বীজই দায়ী কি না—বিষয়টি শনাক্ত করতে তাঁরা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছেন।ঝলক বীজের আমদানিকারক প্রতিষ্ঠান এনার্জি প্যাক লিমিটেডের বরিশাল অঞ্চলের বিপণন কর্মকর্তা ফরিদ উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘বীজে অঙ্কুর না হলে আমরা দায়ী হতাম। কিন্তু এ ক্ষেত্রে আমাদের দোষী করা চলে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শনে আসবেন।’ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে রকম কোনো চিন্তাভাবনা এখনো নেই। ঘটনাটি শুধু বরিশালেই ঘটেছে। আর কোথাও হয়নি বলে দাবি করেন তিনি। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আ. লতিফ আকন বলেন, ‘নেকব্লাস’ রোগে আক্রান্ত হওয়ার পরমুহূর্তেই পুরো জমির ফসল ঝলসে যায়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘রোগটি বীজবাহিত এ কথা সত্য। এটি ধানগাছের পাতায় আক্রান্ত হলে তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু ঘাড়ে (ধানগাছের মাঝামাঝি) আক্রান্ত হলে মারাত্মক ক্ষতি হয় ও ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।’ কৃষি কর্মকর্তা জানান, যেসব কৃষক এবার ঝলক বীজ ব্যবহার করেছেন তাঁদের প্রায় সবাই ফসল হারিয়েছেন।