‘ঝলক’ ধানে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঝলক’ ধান চাষ করে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর কৃষকেরা এবার নষ্ট ধান সামনে নিয়ে সংবাদ সম্মেলন করে ক্ষতিপূরণ দাবি করেছেন। গতকাল শুক্রবার সকালে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ সময় ক্ষতিপূরণ দেওয়ার দাবির পাশাপাশি ঝলক ধান বাজারজাতকারী কোম্পানি এনার্জি প্যাক এগ্রো লিমিটেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে গত ২৪ এপ্রিল কৃষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নষ্ট হয়ে যাওয়া ঝলক ধান নিয়ে মানববন্ধন ও ধানের আঁটিতে অগ্নিসংযোগ করেন এবং প্রধানমন্ত্রী বরাবরে ক্ষতিপূরণের দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। কিন্তু অদ্যাবধি সরকারিভাবে এ বিষয়ে আশ্বাস না পাওয়ায় কৃষকেরা গতকাল এ সংবাদ সম্মেলন করেন।বেলা ১১টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ক্ষতিগ্রস্ত কৃষকেরা নষ্ট হওয়া ঝলক ধানের চিটাসহ খড় সামনে নিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে তাঁদের ক্ষতির করুণ চিত্র তুলে ধরেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক আজগর আলীসহ উপস্থিত অন্য কৃষকেরা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেগমগঞ্জের আলাদিনগর গ্রামের কৃষক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদর উপজেলার ধন্যপুর গ্রামের কৃষক মুক্তিযোদ্ধা এনায়েত উল্লা, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কৃষক কামাল উদ্দিন, বাহার উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।উল্লেখ্য, এ বছর বোরো মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় চার হাজার জমিতে হাইব্রিড ঝলক ধান চাষ হয়। কিন্তু ধানের শিষ বের হওয়ার দুই-তিন দিনের মধ্যে তা শুকিয়ে চিটা হয়ে যায়।