‘ঝলক’ ধানের আঁটিতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ
নোয়াখালীতে হাইব্রিড ধান ‘ঝলক’ চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধানের আঁটিতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এর আগে কৃষকেরা সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন।এ বছর বোরো মৌসুমে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ‘ঝলক’ ধানের শিষ আসার কয়েক দিনের মধ্যেই ধানগুলো লালচে হয়ে শুকিয়ে চিটা হয়ে গেছে। এতে জেলার কয়েক হাজার কৃষক সর্বস্বান্ত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। কৃষকেরা তাঁদের খেতে লাগানো ‘ঝলক’ ধানের ঝলসে যাওয়া আঁটি নিয়ে আসেন।ক্ষতিপূরণ ও ‘ঝলক’ ধান বাজারজাতকারী প্রতিষ্ঠান এনার্জি প্যাক এগ্রো লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে কৃষকেরা সেখানে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা মানববন্ধনে যোগ দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধন শেষে কৃষকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী বরাবর ক্ষতিপূরণের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেয়।