‘ঝলক’র ধানে চিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁদছেন কৃষক আবদুর রহমান (৩০)। কাঁদতে কাঁদতেই বললেন, ‘ফলন বেশি হাইবার আশায় এই জমিত “ঝলক” ধান চাষ কইচ্ছি। কিন্তু অন দেই খেতের সব ধান চিডা অই হুআই (শুকিয়ে) গেছে। আমরা কিয়া খাই বাচুম! হোলাহাইনের মুকে কিয়া দিমু!’ কথাগুলো বলতে বলতে আবদুর রহমানের কান্নার বেগ বেড়ে যায়। বাড়ি তাঁর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম কাঁচিহাটা গ্রামে।শুধু আবদুর রহমানই নন, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সদর ও সেনবাগ উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার কৃষক ঝলক ধান চাষ করে এখন নীরব কান্না কাঁদছেন। সম্প্রতি সরেজমিনে জেলার সর্বাধিক বোরো চাষ হওয়া বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার মাঠে মাঠে কৃষকদের মাঝে দেখা গেছে হাহাকার।বেগমগঞ্জের মহেশপুর গ্রামের আলতু মিয়া (৪২) জানান, তিনি ৩৬ শতাংশ জমিতে ঝলক ধান চাষ করেছেন। সার ও কীটনাশক দিয়েছেন নিয়মমতো। আট হাজার টাকা ঋণ করেছেন। শুরুর দিকে চারার অবস্থা ভালোই ছিল। সব ধানগাছে একসঙ্গে শীষ আসে। ধানের অবস্থা দেখে মনে খুব আশা জাগে। কিন্তু সেই আসা শেষ পর্যন্ত দুরাশায় পরিণত হয়।একই উপজেলার কাঁচিহাটা গ্রামের আরেক কৃষক আবুল কালাম জানান, তাঁর ৯৬ শতাংশ জমির ধানের ফলন দেখে আশপাশের খেতের মালিকেরাও প্রশংসা করতেন। বলতেন, ‘তোমায় তো ভাই আল্লায় এবার বাসাই দিব ধান দিই।’ কিন্তু হয়েছে তার উল্টো। খেতে গেলেই এখন কান্না আসে।বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ জানান, ঝলক ধানের খেতে যে সমস্যাটি দেখা গেছে সেটি ‘নেটব্লাস্ট’ নামের একধরনের ছত্রাকের আক্রমণের কারণে হয়েছে। যে পর্যায়ে এই সমস্যাটি দেখা গেছে, ওই পর্যায়ে করার মতো কিছুই থাকে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নোয়াখালীতে বোরো চাষ হয়েছে ৫৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে। ঝলক ধান চাষ হয়েছে এক হাজার ৬৫৫ হেক্টর জমিতে। এর মধ্যে ৬০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাকিগুলোর অবস্থাও ভালো নয়। ইতিমধ্যে বেগমগঞ্জে এক হাজার ৯৮০ জন ও সোনাইমুড়ীতে প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের নামের তালিকা তৈরি করা হয়েছে। এর আগে ঝলক চাষ করে বরিশালের গৌরনদী উপজেলার একটি ইউনিয়নের এক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হন। এ নিয়ে ১০ এপ্রিল প্রথম আলোর ৪-এর পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঝলক বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক এগ্রো লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বাজার ব্যবস্থাপক মোফাখখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবহাওয়াজনিত সমস্যার (দিনে গরম, রাতে কুয়াশা) কারণে ধানের শিষ নষ্ট হয়ে গেছে। বীজে কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।