'ঝাঁকানির ছুটে কইলজা লড়ি যায়'
‘ই-কুন জ্বালা? খালি গাত আর গাত (গর্ত)। ঝাঁকানির ছুটে তো কইলজা পর্যন্ত লড়ি যায়!’
মাত্রাতিরিক্ত খানাখন্দের পথ চলতে গিয়ে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন কায়সার মিয়া। সিলেট নগরের ধোপাদিঘিরপার এলাকার বাসিন্দা তিনি। এলাকার রাস্তাঘাট এতটাই দুর্দশার যে বিরক্তির সঙ্গে ক্ষোভও ঝরে পড়ল তাঁর কণ্ঠে।
শুধু ধোপাদিঘিরপারই নয়, নগরের অন্তত সাতটি এলাকার রাস্তা দুই বছর ধরে কোনো সংস্কার হয়নি। এতে নগরবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। সরেজমিনে দেখা গেছে, নগরের নবাব রোড, শেখঘাট, কলাপাড়া, কাজিরবাজার, ধোপাদিঘিরপার, সোবহানীঘাট ও করেরপাড়ার সব রাস্তাই ভাঙাচোরা। পিচ উঠে পাথর ও খোয়া বেরিয়ে এসেছে। যত্রতত্র ছোট-বড় অসংখ্য খানাখন্দ, গর্ত। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।
গত শুক্রবার বেলা একটার দিকে বৃষ্টি নামে। ঘণ্টা খানেকের এ বৃষ্টিতে রাস্তার গর্তগুলো ডুবে যায়। গর্ত ঠাহর করতে না পেরে কয়েকটি স্থানে রিকশা উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে স্থানীয়রা জানান। তাঁদের ভাষ্য, ভাঙাচোরা রাস্তায় পথ চলতে গিয়ে বয়স্ক, নারী ও স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টিতে সেই দুর্ভোগ পৌঁছেছে চরমে।
করেরপাড়ার বাসিন্দা নির্মল দাশ বলেন, তাঁর এলাকার রাস্তা আড়াই বছর ধরে বেহাল। বৃষ্টিতে দুর্ভোগের শেষ থাকে না। এই সময়ে খানাখন্দে গাড়ি পড়ে ময়লা পানি ছিটকে পথচারীদের জামাকাপড় নষ্ট হয়ে যায়।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, অধিকাংশ রাস্তার সংস্কারকাজের জন্য টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া শেষের পথে রয়েছে। আবার কিছু রাস্তার সংস্কার বৃষ্টির কারণে করা সম্ভব হচ্ছে না। রোদ উঠলেই কোথাও-কোথাও সংস্কারকাজ শুরু করা হবে।