রংপুরে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে মদ। এর নাম ‘ঝাঁকি’ মদ। রয়েছে ‘চোলাই’ মদও। এই মদ পানে এক বছরের ব্যবধানে ১৬ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ গত ৩০ অক্টোবর রংপুরের মাহিগঞ্জে এই মদ পানের পর তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর রংপুরের পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এক মাসের ব্যবধানে এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলা হয়েছে ৬৬টি।
মদ তৈরি ও পান করেন এমন দুজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহরের মাহিগঞ্জ, তাজহাট, বাবুপাড়া, বড়দরগা এলাকায় এই ‘ঝাঁকি’ মদ বিক্রির প্রবণতা বেড়ে গেছে। ফেনসিডিল ও ইয়াবা বড়ির দাম বেড়ে যাওয়ায় কম দামি মদ তৈরি করা হচ্ছে, যা ছোট ছোট বোতলে ভরে ২০০ টাকায় বিক্রি করা হয়।
রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে কয়েক ধরনের ওষুধ মিশিয়ে বিশেষ এই মদ তৈরি করা হয়। রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক বি ডি বিধু বলেন, নেশার জন্য এসব মদে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়। এই কেমিক্যালে রি-অ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর শহরের তাজহাট বিহারীপাড়া এলাকায় চোয়ানি মদ পানে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই স্থানে মদ তৈরি বন্ধ হলেও নতুন করে বড় দরগা ও মাহিগঞ্জ এলাকায় ‘ঝাঁকি’ মদ তৈরি করা হচ্ছে।
পুলিশ জানায়, গত অক্টোবরে রংপুর কোতোয়ালি থানার আওতাধীন এলাকায় মাদক ব্যবসার অভিযোগে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মামলা হয়েছে ৬৬টি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, গত বছর মাদক ট্র্যাজেডির পর রংপুর শহরে চোলাই মদ বিক্রি বন্ধ হলেও আবারও নতুন করে তা শুরু হয়েছে। শহরের কিছু বিশেষ এলাকায় এসব মদ বাড়িতে তৈরি করে বিক্রি করা হয়। এলাকাগুলো হলো মাহিগঞ্জের মহিদ্রা, খাসবাগ, বালাপাড়া, তাজহাট, বাবুপাড়া, রেলওয়ে স্টেশন এলাকা, আলমনগর কলোনি, খামার এলাকা।
‘ঝাঁকি’ মদ তৈরির সত্যতা নিশ্চিত করে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে তিন মাস হলো যোগদান করার পর বিষয়টি জানতে পেরেছি। এই তিন মাসে পুরো জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এই ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত প্রায় ৫০০ ব্যক্তিকে এই তিন মাসে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ করা হলে চুরি-ডাকাতি, ছিনতাইসহ অপরাধ প্রবণতাও কমে যাবে। তাই এ অভিযান অব্যাহত থাকবে।