‘ঝাঁক্কি’ থেকে সাবধান
মাদারীপুরে ‘ঝাঁক্কি’ নামের এক ধরনের মাদকের ভয়াবহ বিস্তার দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের সিরাপের সঙ্গে গাভির দুধ ও ফলের রস মিশিয়ে তৈরি শরবতের মতো দেখতে এ নেশাদ্রব্য। বোতলে ভরে দ্রব্যগুলো মেশানোর জন্য ঝাঁকাতে হয় বলে স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে ঝাঁক্কি।অনুসন্ধানে জানা গেছে, ঝাঁক্কি তৈরি করে বিক্রি করছেন কয়েকটি এলাকার ওষুধের দোকানদারেরা। অনেক দোকানদার আবার ওষুধ বিক্রি করে তাঁর দোকানে বসেই ঝাঁক্কি বানাতে সাহায্য করেন। এর দাম পড়ে ১৫০ থেকে ২০০ টাকা। জেলার মোস্তফাপুর এলাকার ১৭ বছর বয়সী মনোয়ার (ছদ্মনাম) বছর খানেক আগে সিগারেট ও গাঁজার নেশা শুরু করে। এখন সে এগুলো বাদ দিয়ে ঝাঁক্কি সেবন করে। মনোয়ার জানায়, ঝাঁক্কি খেলে ঘুমঘুম ভাব হয়, শরীর হালকা লাগে, মন ফুরফুরে থাকে এবং শরীরে নেশার আমেজ থাকে দীর্ঘক্ষণ। নেশাগ্রস্ত একাধিক কিশোর-তরুণের পরিবারের সদস্যরা জানান, সাধারণত তরুণ ও কিশোরেরাই ঝাঁক্কি সেবন করে। প্রায় এলাকায়ই নতুন-পুরোনো ওষুধের দোকান হয়েছে। সব ওষুধের দোকানে পর্যাপ্ত ব্যবসা হয় না। অনেক দোকানের মালিক ওষুধ বিক্রি এবং দোকান ও পরিবারের খরচ নির্বাহের জন্য এসব কাজে জড়িয়ে পড়ছেন। তাঁরা শিশু-কিশোরদের কাছে চিকিৎসাপত্র ছাড়াই ওষুধ বিক্রি করেন। দোকানে বসে নেশাগ্রস্ত ব্যক্তিদের ঝাঁক্কি তৈরি করে সেবন ও আড্ডা দেওয়ার সুযোগ দেন। অনেকে আবার ঝাঁক্কি তৈরি করে বিক্রিও শুরু করেছেন। কয়েকজন ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝাঁক্কি তৈরিতে ব্যবহূত ডোকসন ক্ষুধাবর্ধক ও ক্ষতিকর স্টেরয়েড-জাতীয় ওষুধ, যা দীর্ঘদিন ব্যবহারে কিডনি ও যকৃতের ক্ষতি হতে পারে। সাহিদুর রহমান নামের মাদারীপুর শহরের এক চাকরিজীবী জানান, প্রত্যন্ত গ্রামের তরুণেরাও ঝাঁক্কি তৈরি করছেন। এটি ছড়িয়ে পড়েছে বেশ। তবে জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ফার্মেসিতে গিয়ে যেকোনো ধরনের ওষুধ কেনা সহজ হওয়ায় এই নেশার প্রভাব বাড়ছে।নাম প্রকাশ না করার শর্তে এক ঝাঁক্কি সেবনকারী জানায়, ফেনসিডিল ও ইয়াবার অনেক দাম। মদ-গাঁজা এখন যেখানে-সেখানে পাওয়া যায় না। কাশি নিরাময়ের দেশি ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ ও বিভিন্ন ধরনের জিনিস মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয়, তা সুস্বাদু। এটা সেবন করলে ভালো নেশা হয়। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর জব্বার জানান, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ও ওষুধ একসঙ্গে মিশিয়ে যে দ্রবণ তৈরি করে খাওয়া হয়, তা শরীরের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাদকাসক্ত ব্যক্তিরা এই বিরূপ প্রতিক্রিয়াই অনুভব করে নেশার অনুভূতি হিসেবে।