‘ঝাড়ু চিকিৎসা’
বাড়ির আঙিনায় ছোট তাঁবু টানানো। তাঁবুর নিচে পোঁতা হয়েছে চারটি কলাগাছ। রঙিন কাগজ দিয়ে গাছগুলো সাজানো। মাঝখানে রাখা মাটির তৈরি ছোট বাটি। বাটিতে সরিষার তেলভর্তি সলতে জ্বলছে। কলাগাছের পাশে বসানো পক্ষাঘাতগ্রস্ত রোগী।ছনের ঝাড়ু হাতে কবিরাজ জাফরুল ইসলাম। তাঁর এক সহযোগীর গলায় ঢোল বাঁধা। ‘কবিরাজ’ মন্ত্র পড়ে রোগীর চারদিকে ঘুরছেন। তাঁর পেছনে ঢোলের তালে ছোট মেয়েরা শাড়ি পরে নাচছে। আর কবিরাজ চারদিকে এক পাক দিয়ে রোগীর শরীরের ওপর থেকে পা পর্যন্ত ঝাড়ু ছুঁয়ে দিচ্ছেন। এভাবেই গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে পক্ষাঘাতগ্রস্তদের সারিয়ে তোলার নামে অপচিকিৎসা দেওয়া হচ্ছে।গাইবান্ধা পৌর এলাকার নয়াপাড়ার বাসিন্দা নূরজাহান বেগম (৪৮) বলেন, ‘কিচুদিন থাকি হামার একনা পা-ও অচল হয়া আচে। মানসের কাচে শুনচি, ঝাড়ফুঁক দিয়া নিলে অসুক (রোগ) ভালো হয়। তাই কোবরেজ ডাকি আনি ঝাড়ি নিব্যার নাগচি বাবা। কয়দিন থাকি ঝারব্যার নাগচে, আরাম পাই নাই। কোবরেজ কচে, আর কয়দিন ঝাড়লে ভালো হবে।’ ফুলছড়ির কালিরবাজার গ্রামের ‘কবিরাজ’ জাফরুল ইসলাম (৪০) বলেন, ‘দৈনিক দুই ঘণ্টা করে সাত দিন চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার জন্য কোনো মূল্য নির্ধারণ করা নেই। যার যেমন সামর্থ্য, সেভাবে আমাকে ফি দেয় মানুষ। এখান থেকে ঢোলবাদককে কিছু মজুরি দিই।’ চিকিৎসা দেওয়ার পর রোগ সেরে যায় বলে তিনি দাবি করেন।এদিকে নূরজাহানের স্বামী দিনমজুর হোসেন আলী বলেন, ‘কবিরাজের সঙ্গে এক হাজার টাকায় চুক্তি হয়। সবাই বলে তাই এই কবিরাজের চিকিৎসা নিচ্ছি।’‘কবিরাজ’ জাফরুল ইসলাম জানান, এই কাজে লাইসেন্স ও লেখাপড়া লাগে না। অন্যদিকে সদর উপজেলার ধর্মতলা গ্রামের এনছার আলী (৪৫) বলেন, ‘তিন মাস ধরে আমার বাম হাত ও বাম পা অবশ হয়ে আছে। গত মাসে দুই হাজার টাকা দিয়ে ফুলছড়ির এক কবিরাজের কাছ থেকে সাত দিন ঝাড়ফুঁক নিয়েও কোনো কাজ হয়নি।’গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, ‘চিকিৎসাশাস্ত্রে এ ধরনের কিছু নেই। এটা অপচিকিৎসা। ঝাড়ফুঁকে কোনো কাজ হওয়ার কথা নয়। তবে কবিরাজি ওষুধ খেলে রোগীর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কিছু লোক অপচিকিৎসা দিয়ে ফায়দা লুটছে।’