‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন মেস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়’...। মনু নদের পানিতে গতকাল শনিবার এমনই ঝিলমিল ঝিলমিল করেছে অনেক নাও (নৌকা)। বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা এই রঙিন নাওগুলো ও মাঝিমাল্লাদের রংবেরঙের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মনু নদের পানিতে গতকাল উৎসবের আমেজ বিরাজ করছিল। মনুতে প্রতিবছরের মতো গতকাল ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করেছিল মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা। নদের তীরবর্তী অনেক বাসিন্দা জানান, ঢোল-করতালি ও মন্দিরার ঝুমঝুম তালে গতকাল সকালবেলা তাঁদের ঘুম ভেঙেছে। শৌখিন নৌকার মাঝিমাল্লারা মনু নদের প্রতিযোগিতার স্থানটিতে বাজনার তালে তালে নৌকা নিয়ে সাতসকালেই ঘুরেছেন। প্রতিযোগিতায় অংশ নিতে আগের দিনই তাঁরা বিভিন্ন স্থান থেকে মৌলভীবাজারে ছুটে এসেছেন। প্রতিযোগিতার আগের রাতে নৌকায় মোমের প্রদীপ জ্বেলে আলোকসজ্জা করা হয়েছে। নদীর ওপর এই কম্পিত আলোকরেখা মধ্যরাতে নদীর বুকে মায়াবী দৃশ্য তৈরি করে। এদিকে সকাল থেকেই বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থান থেকে নৌকাবাইচ দেখতে ছুটে আসে নানা বয়সের নারী-পুরুষ। তারা নদীর দুই পাড়ের বিভিন্ন ছায়াঘেরা স্থান ও বিভিন্ন বাসাবাড়ির ছাদে অবস্থান নেয়। অনেকেই ভাড়া নৌকা নিয়ে নদীতেই প্রতিযোগী নৌকার পিছু পিছু ছুটেছেন। দুপুরের পর থেকে হাজারো মানুষের উল্লাসধ্বনিতে মুখরিত ছিল মনু নদের দুই পাড়। যেকোনো স্থান থেকে তৈরি হওয়া উল্লাস মনু নদের চাঁদনীঘাট সেতু থেকে বড়হাট এলাকার প্রায় দুই কিলোমিটারজুড়ে ছড়িয়ে গেছে। কিছু কিছু নৌকার নামও ছিল বাহারি। যেমন, জলপবন, মধুবন, অজ্ঞান ঠাকুর ইত্যাদি। প্রতিটি নৌকার দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ ফুট এবং ৭০ জন করে বাইচাল (মাঝি-মাল্লা) অংশ নেন। প্রতিযোগিতার সময় বেশ কয়েকবার পৃথক নৌকায় চড়ে নৌকাবাইচে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন স্থানীয় সাংসদ ও হুইপ আব্দুস শহীদ। প্রতিযোগিতায় মৌলভীবাজার ও সুনামগঞ্জের নয়টি নৌকা অংশ নেয়। এর মধ্যে প্রথম হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তেহরির অজ্ঞান ঠাকুর, দ্বিতীয় রাজনগর উপজেলার বড়গাঁওয়ের নাও এবং তৃতীয় সুনামগঞ্জের জগন্নাথপুরের জলপবন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেঞ্চদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক নারী সাংসদ হোছনে আরা ওয়াহেদ প্রমুখ।