চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার আশপাশের গ্রামে দিনমজুরের কাজ করলে দৈনিক ১০০ থেকে ১২০ টাকার বেশি জোটে না কারও। কিন্তু চোরাকারবারিদের কথামতো কাজ করলে দৈনিক আয় কমপক্ষে এক হাজার টাকা। জীবনের ঝুঁকি জেনেও শুধু লোভে পড়ে অনেকেই ওই পথে পা বাড়ায়।সোমবার মাথাপিছু এক হাজার টাকা হাজিরায় চুয়াডাঙ্গার বেণীপুর সীমান্তপথে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করে পাঁচ কিশোরসহ ছয় বাংলাদেশি নাগরিক।অভিযোগ রয়েছে, দারিদ্র্যের সুযোগে বেণীপুর গ্রামের সবুজ আলী (৩০) ওই ছয়জনকে ভারত পাঠিয়েছিলেন। এদের একজন পালিয়ে দেশে ফিরতে পারলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে বাকি পাঁচজন।আটককৃতদের স্বজনদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। বাড়ি বাড়ি চলছে কান্নার রোল। এসব পরিবারের পক্ষ থেকে সবুজ আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।এদিকে সীমান্তবর্তী গ্রামবাসীকে শূন্যরেখা অতিক্রম না করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সীমান্ত এলাকার মসজিদে মসজিদে এই সতর্কবার্তা প্রচার করা হয়।পশ্চিমবঙ্গের নদীয়ার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজনের বাড়ি জীবননগর উপজেলার কয়া গ্রামে। এ ছাড়া বিএসএফ ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসা হাবিবুর রহমান ওরফে হারানের বাড়িও একই গ্রামে।গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে গ্রামটিতে গিয়ে কথা হয় হাবিবুর ও আটক ব্যক্তিদের স্বজনদের সঙ্গে।হাবিবুরের ভাষ্যমতে, বেণীপুর গ্রামের সবুজ আলীর কথা অনুযায়ী তারা ছয়জন ভারতে যায়। পাঁচজন বিএসএফের হাতে ধরা পড়লেও তিনি কৌশলে পালিয়ে আসতে পেরেছেন।বিএসএফের হাতে আটক কয়া গ্রামের খায়রুলের মা ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘পাশের বেণীপুর গ্রামের ছোট খোকার ছেলে গরু চোরাকারবারি সবুজ আলী মাঠে কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে আমার ছেলেকে (খায়রুল) ডেকে নিয়ে যায়। দৈনিক এক হাজার টাকা হাজিরার লোভ দেখিয়ে গরু আনতে তাকে ভারতে পাঠায়। ভারতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে সে।’ আটক সুমনের মা জাহানারা জানান, তাঁর স্বামী পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর থেকে ছেলের উপার্জনে সংসার চলছিল। এখন ধারদেনা করে চলতে হচ্ছে তাঁদের। অপর দিকে লাল্টুর (ভারতে আটক) বাবা আবুল কালাম জানান, বেণীপুরের সবুজ আলীর কারণে তাঁর ছেলেসহ পাঁচজন এখন ভারতের কারাগারে বন্দী।আটককৃতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেলে বেণীপুর গ্রামে সবুজ আলীর বাড়িতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান।সবুজ আলীর বাবা ছোট খোকা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে সবুজ চার-পাঁচ বছর ধরে ভারত থেকে গরু এনে ব্যবসা করছে। যে পাঁচজনকে বিএসএফ আটক করেছে, তারা সবুজের গরু আনার জন্য গিয়েছিল।এ প্রসঙ্গে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘যত দূর জেনেছি, ভারতে বিএসএফের হাতে আটক ব্যক্তিরা হতদরিদ্র পরিবারের সন্তান। দারিদ্র্যের সুযোগে গরু চোরাকারবারিরা তাদের ব্যবহার করেছে।’উল্লেখ্য, গত সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি পাঁচ নাগরিককে আটক করেন।