বৃক্ষবিরল রাজধানীর আরও একটি প্রাচীন মহীরুহের পতন ঘটল। গোড়া নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুরোনো একটি কড়ই গাছ কেটে ফেলা হচ্ছে।গতকাল দুপুরে হলের সাধারণ ছাত্ররা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেন। এ সময় তাঁরা গাছ কাটা বন্ধের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে হল প্রভোস্ট মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিক্রমেই গাছটি কাটা হচ্ছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হল প্রশাসন গাছ কাটার আবেদন করলে নিয়ম অনুযায়ী আরবরি কালচার বিশেষজ্ঞদের গাছটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। পরিদর্শন শেষে তারা গাছটির গোড়া নষ্ট বলে মত দিয়েছে। হলের শিক্ষার্থীদের কথা ভেবে তাই গাছটি কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আরবরি কালচার বিশেষজ্ঞ সৈয়দ হাদিউজ্জামান বলেন, গাছটিতে যে পরিমাণ পাতা গজিয়েছে তা এর বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। যেকোনো সময় ডাল ভেঙে পড়লে শিক্ষার্থীদের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।তবে শিক্ষার্থীদের দাবি, শীতকালে পাতা না থাকার সুযোগ নিয়ে গাছটি মৃত বলে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সরেজমিনে দেখা যায়, গাছটির অধিকাংশ ডাল কেটে ফেলা হয়েছে। তখনো অবশিষ্ট দু-একটি ডালে বসন্তের ছোঁয়ায় ছিল নতুন পাতা। হলের পরিসংখ্যান বিভাগের ছাত্র আবু তারেক বলেন, ‘গত সোমবার থেকে শ্রমিকেরা গাছ কাটা শুরু করলে বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রদের প্রতিবাদের মুখে গাছ কাটা এক দিন বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে আবার পুরোদমে শুরু হয়।’ নিসর্গবিদ দ্বিজেন শর্মার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘গাছ অবশ্যই রক্ষা করার চেষ্টা করতে হবে। তবে আবেগের পাশাপাশি বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। গাছটি সত্যিই মৃতপ্রায় হয়ে থাকলে তা দুর্ঘটনার কারণ হতে পারে। তবে যেটা জরুরি সেটা হচ্ছে, এ দেশে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা করা হয় না। প্রাচীন গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য কিছু করা হয়েছিল কি না সেটাই প্রশ্ন।’সার্জেন্ট জহুরুল হক হলের এক কর্মচারী টেন্ডারে ৮১ হাজার টাকা দিয়ে গাছটি কিনেছেন বলে জানা গেছে।