‘ঝুঁকিপূর্ণ’ বিদ্যুৎ লাইন যেন ‘মরণফাঁদ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার বিদ্যুতের লাইনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া সরবরাহ কেন্দ্র থেকে ওই উপজেলার ভুকশিমইল এলাকা পর্যন্ত ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ লাইন টানানো আছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে ভুকশিমইলের কোরবানপুর এলাকায় ওই লাইন থেকে একটি তারের নিচ দিয়ে টানানো পাশের জুড়ীর রাজাপুর গ্রামের ৪৪০ ভোল্টের সংযোগ লাইনের ওপর বিকট শব্দে ছিঁড়ে পড়লে দুটি লাইনে আগুন ধরে যায়। শব্দ শুনে এলাকার লোকজন ঘুম থেকে জেগে উঠে চিৎকার ও ছোটাছুটি শুরু করে। এ সময় ঘরের ‘প্রধান সুইচ’ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (৫৫) নামের একজন ব্যক্তি মারা যান। রহিমের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার কটারপুর গ্রামে। তিনি স্থানীয় রাজাপুর জামে মসজিদে ইমামতি করতেন। এ ছাড়া রাজাপুরের নেহার বেগম, হাসনা বেগম ও আবদুস সালাম এবং কোরবানপুরের মধু মিয়া বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নেহার ও হাসনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে ওই দিন রাত একটার দিকে পিডিবির লোকজন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন।সরেজমিনে গত সোমবার গিয়ে দেখা গেছে, ১১ হাজার ভোল্টের লাইনটির বিভিন্ন জায়গায় তারে জোড়া দেওয়া। স্থানীয়দের ভাষ্যমতে, যেখানে তার ছিঁড়ে পড়ে, সেখানেও জোড়া ছিল। বিদ্যুৎ লাইনের ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থার কথা তাঁরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য মতছিন আলী বলেন, ‘লোকজন চলাফেরার সময় আতঙ্কে থাকে। লাইনটি মরণফাঁদের মতো হয়ে গেছে।’দায়িত্বে থাকা পিডিবির কুলাউড়া সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনটির অধিকাংশ তার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে হালকা ঝড়ো-বাতাস বা ধারণক্ষমতার অভাবে প্রায়ই তার ছিঁড়ে পড়ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। ছেঁড়া অংশ মেরামত করা হবে।কবির বলেন, ১১ হাজার ভোল্টের সংস্পর্শে ৪৪০ ভোল্টের লাইনটিতে ভোল্টেজ বেড়ে যাওয়ায় স্টিলের তৈরি ‘প্রধান সুইচ’ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন বলে তাঁর ধারণা।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।’