‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড দিয়েই কর্তৃপক্ষের দায়িত্ব শেষ!
দুই পাড়ে সাইনবোর্ড সেঁটে দেওয়া হয়েছে, ‘সেতুটি ঝুঁকিপূর্ণ’। তবু প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ ও ভারী যানবাহন। বরগুনা শহরের কাঁচাবাজারসংলগ্ন ব্যস্ততম খাকদোন নদের এই সেতুটি দাঁড়িয়ে আছে ভাঙাচোরা কয়েকটি লোহার জীর্ণ পিলারের ওপর। ভুক্তভোগীদের অভিযোগ, যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়তে পারে। তার পরও মেরামত করা নিয়ে কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা শহরের কাঁচাবাজারসংলগ্ন খাকদোন নদের ওপর এই সেতুটি জেলা শহরের সঙ্গে শহরের উত্তর অংশের তিনটি ইউনিয়ন গৌরীচন্না, ফুলঝুরি ও বদরখালী ছাড়াও বামনা ও বেতাগী উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম। ১৯৯৬-৯৭ অর্থবছরে ৭৩ দশমিক ১৭ মিটার দৈর্ঘ্য এই সেতুটি ৩০ লাখ ১৪ হাজার টাকায় নির্মাণ করে এলজিইডি। এরপর গত ১৪ বছরে কোনো সংস্কার করা হয়নি। লাকুরতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সরু লোহার পিলারের ওপর সিমেন্টের ঢালাইয়ের সেতুটির পিলার ও অ্যাঙ্গেলগুলো বিভিন্ন ধরনের মালবাহী ট্রলারে প্রায়ই ধাক্কা লাগে। এভাবে প্রতিদিন ধাক্কা লাগায় অ্যাঙ্গেলগুলো ভেঙে আলাদা হয়ে গেছে। পূর্বপ্রান্তের একটি পিলার ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল চুরি হয়ে যাওয়ায় সেতুটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে অ্যাঙ্গেলবিহীন কয়েকটি সরু লোহার পিলারের ওপর পুরো সেতুটি দাঁড়িয়ে থাকায় হালকা যানবাহন চলাচল করলেও মাঝখানের অংশ দুলে ওঠে।খাজুরতলা গ্রামের বাসিন্দা ও বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন, এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন কমপক্ষে ২৫-৩০ হাজার মানুষ পার হয়। এর মধ্যে কমপক্ষে চার-পাঁচ হাজার শিক্ষার্থী। জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেতু পার হতে হয়। এমন গুরুত্বপূর্ণ একটি সেতু বছরের পর বছর এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে অথচ এলজিইডি কর্তৃপক্ষ দুই পাড়ে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেছে।গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, বারবার আবেদন করেও বরাদ্দ না থাকার অজুহাতে এটি মেরামত করা হচ্ছে না। লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি।এলজিইডির সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি। সেতুটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই প্রান্তে ঝুঁকিপূর্ণ সেতু সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে। এর পরও এ সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলা উচিত নয়। ভারী যানবাহন সেতু দিয়ে পারাপার করলে তা তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।