'ঝুট ব্যবসা সম্পর্কে মন্ত্রী বাহাদুর কিছুই জানেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাই, ভাতিজা ও ভাগনে পরিচয়ে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংবাদপত্রগুলোয় প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছে আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দাবি করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঝুট ব্যবসা সম্পর্কে মাননীয় মন্ত্রী (আ ক ম মোজাম্মেল হক) বাহাদুর কিছুই জানেন না। এমনকি ঝুট ব্যবসা করার ব্যাপারে কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে কিছু নেতা এককভাবে ঝুট ব্যবসা করার কারণে নেতারা ব্যাপক সমালোচনা করেন।’
গত বুধবার প্রথম আলোয় ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মন্ত্রীর ভাতিজাদের সভা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই সংবাদের পর গতকাল সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবির বেশ কিছু দিন ধরে অসুস্থ। এ কারণে গত রোববার নেতা-কর্মীরা তাঁকে দেখতে উপজেলার ঠেঙ্গারবান্দ গ্রামে তাঁর বাড়িতে যান। এ সময় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে দলের কিছু নেতার এককভাবে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও কথা হয়। আলোচনায় ২০-২৫ জন নেতা-কর্মী বক্তব্য দেন। তাঁরা সম্মিলিতভাবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে একমত হন। বিষয়টি তাঁরা ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে আ ক ম মোজাম্মেল হককে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আবেদন দেবেন বলে সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশিদ, সদস্য ও মন্ত্রীর মামাতো ভাইয়ের ছেলে মুরাদ কবীর, মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মিয়া প্রমুখ।