'ঝড়ে ঘরের ভিটা ছাড়া সব উড়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘনার ভাঙনে সব শেষ হয়ে গেছিল। ঋণ করে একখণ্ড জমি কিনে এই চরনাপ্তায় বাড়ি করি। ঝড়ে ঘরের ভিটা ছাড়া সব উড়ে গেছে। এখন ঘর দাঁড় করানোর টাকা কোথায় পাব।’ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সহায়সম্বল সব হারিয়ে এমনই অসহায় অবস্থার কথা বলেন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনাপ্তা গ্রামের অটোচালক আবদুল কাদের।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে শত শত গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবে। ভেসে গেছে ফসলের খেত। চারদিকে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। বিধ্বস্ত হয়েছে অধিকাংশ ঘরবাড়ি।
বাপ্তা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরনোয়াবাদ গ্রামে নিজ ভিটার ওপর বসে আছেন বিবি মরিয়ম। ভিটার ওপর ভিজে পচে যাওয়া বীজধানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছেন, রক্ত পানি করা উপার্জন এমনে ধ্বংস হয়ে গেল!
মরিয়মের স্বামী আবু কালাম ১ একর ৬০ শতাংশ জমি চাষ করে পরিবারের খাওয়ার জন্য ১২ বস্তা ধান এবং পরবর্তী চাষাবাদের জন্য ৭ বস্তা বীজধান রেখেছিলেন ঘরে। ঝড়ে সব ধানই উড়ে গেছে অথবা বৃষ্টিতে ভিজে পচে গেছে। সারা বছর সন্তানদের কী খাওয়াবেন আর আগামী বছর কী দিয়ে চাষাবাদ করবেন, তা নিয়ে চিন্তার শেষ নেই মরিয়মের। ঝড়ে খাবারের চাল, খেতের বীজ, পরিধানের পোশাক, সন্তানের পড়ার বই, নগদ টাকা—সবই উড়ে গেছে। বাড়িঘর বিধ্বস্ত। তিনি বললেন, ‘জামাই গরু বেইচ্যা টিয়ার বান্ডিল আইন্যা রাইকছে ঘরে। ঘরও নাই, টিয়াও নাই।’
শুধু বাপ্তা ইউনিয়ন নয়, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে পাশের রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ভোলার সাতটি উপজেলার ২৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে চার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আছে ২০ হাজারের বেশি মানুষ। সদর ও তজুমদ্দিন উপজেলা ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে হাজার হাজার গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। গতকাল বেলা ১১টার দিকে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূবতী রঞ্জন বাড়ির মৃণাল নন্দী (৪৯) নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা জয় চন্দ্র দে বলেন, ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কেন্দ্র (ওজোপাডিকো) সেগুলো সংস্কার না করে বিদ্যুতের সঞ্চালন লাইন সচল রেখেছে। ফলে ঝড়ের পরে ১০ থেকে ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। বাপ্তা ইউনিয়নের একটি পুকুরে তার পড়ে ছিল। মৃণাল নন্দী পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ বলেন, ঝড়ে ভোলায় ৬০০ কিলোমিটার বিদ্যুৎ-লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়েছে।
সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফেরার সংগ্রাম করছেন। ঝড়ে উড়ে যাওয়া মালামাল, আসবাব, ঘরের চাল, খুঁটি, টিন খুঁজে রোদে শুকাচ্ছেন। এমনকি ঘর ও গাছচাপায় আহত ব্যক্তিরাও হাতে-পায়ে ক্ষত নিয়ে এসব কাজ করছেন। ছাত্ররা তাদের ভেজা বই শুকাচ্ছে।