সাভারে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘টক শোতে বড় বড় কথা না বলে উদ্ধারকাজে সহযোগিতা করুন। অন্তত একটি মানুষকেও উদ্ধার করে প্রমাণ করুন, আপনারাও উদ্ধারকাজে ছিলেন।’গতকাল বৃহস্পতিবার গণভবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘কোনো কোনো শ্রমিকনেতা টক শো নিয়ে ব্যস্ত। অথচ তাঁদের সেখানে উদ্ধারকাজে থাকার কথা। কেউ কেউ এ ঘটনায় দোষী ব্যক্তিদের এখনই ধরো আর মারো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এগুলো বাদ দিয়ে সেখানে গিয়ে উদ্ধারকাজে অংশ নিন।’ হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরের ৯০ শতাংশ ভবনই ইমারত নির্মাণের বিধি মেনে তৈরি হয়নি। বড় কোনো ভূমিকম্প হলে ঢাকায় উদ্ধার করার মতো কোনো লোকও থাকবে না।শেখ হাসিনা বলেন, ‘যাঁরা সমালোচনা করেন, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের ভবনগুলোও কীভাবে নির্মাণ করা হয়েছে, সেটাও দেখা দরকার। খোঁজ নিলে দেখা যাবে, তাঁরাও ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো রাস্তাও রাখেননি।’প্রধানমন্ত্রী বলেন, ‘যত্রতত্র ও খাল-বিল-ডোবা ভরাট করে ভবন নির্মাণ করার প্রবণতা রয়েছে। ডোবা ও খালের ওপর নির্মিত ভবন যেকোনো সময় ধসে পড়বে, সেটা যত মজবুতই হোক।’সাভারের উদ্ধারকাজের ঝুঁকির বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভবনের নিচে আলো, বাতাস ও অক্সিজেন নেই। এমন একটি অবস্থা যে, একটি স্ল্যাব সরাতে গেলে আরেকটি স্ল্যাব পড়ে অন্য যাঁরা জীবিত আছেন, তাঁরাও মারা যেতে পারেন। জীবিতদের জীবিত উদ্ধার করাই আমাদের সবচেয়ে বড় কাজ। এ কাজে সবার সহযোগিতা দরকার।’বিরোধী দলকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। কিন্তু লাভ হবে না। তারা গাড়িতে আগুন দিচ্ছে। মানুষ পুড়িয়ে হত্যা করছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে নৈরাজ্য চালাচ্ছে।’তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের অন্যায়-নির্যাতনের কথা দেশের মানুষ ভুলে যায়নি।’