'টমটম' থেকে ছিটকে বাসের নিচে...

বাসের সঙ্গে ধাক্কা এড়াতে ব্যাটারিচালিত দেশীয় যান টমটমটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। চালক হঠাৎ জোরে টান দেওয়ায় শিশুকন্যাসহ এক গৃহবধূ টমটম থেকে ছিটকে সড়কে পড়েন। সঙ্গে সঙ্গে বাসের চাকার নিচে পড়ে নিহত হন ওই গৃহবধূ। তবে শিশুটি অক্ষত রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌর শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুশনা আকতার (২৫)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলীমা পরিবহনের একটি বাস চকরিয়া পুরোনো বাস স্টেশনে যাত্রী নামিয়ে দিয়ে মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্প থেকে তেল নেয়। এরপর বাসটি মহাসড়কে ওঠার সময় চকরিয়া পৌর শহরের দিকে আসা টমটমটির সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। নিশ্চিত ধাক্কা থেকে বাঁচতে টমটমটি দ্রুত যেতে চেষ্টা করে। এ সময় টমটমটি ধাক্কা থেকে বাঁচলেও ছিটকে পড়েন দুই বছরের শিশুসহ এক নারী। সঙ্গে সঙ্গে নারীর মাথাটি ঢুকে যায় বাসের চাকায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় লাশের পাশে কাঁদছিল শিশুটি।
সরেজমিনে দেখা যায়, পিচঢালাই সড়কের ওপর পড়ে রয়েছে রুশনা আকতারের মরদেহ। ভয়ে কাঁদছে দুই বছরের শিশু তানিশা। এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাসটিকে আটক করে রেখেছে জনতা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত রুশনা আকতারের ভাই হেলাল উদ্দিন বলেন, বাবার বাড়িতে শিশুকন্যাকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন রুশনা। টমটমচালক ও বাসচালকের অসতর্কতায় প্রাণ দিতে হলো তাঁর বোনকে।
চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম প্রথম আলোকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। রুশনার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।