‘টরটরি’ গাড়ির গ্রাম
বাংলা নববর্ষ বরণ করে নেওয়ার জন্য দেশের বিভিন্ন এলাকায় বৈশাখ মাসজুড়ে চলবে মেলা। মেলার প্রধান আকর্ষণ রংবেরঙের কাগজের তৈরি পণ্য ও খেলনা।আর মেলার প্রধান উপকরণ খেলনা বানানো নিয়ে ব্যস্ত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাশ গ্রামের মোন্নাপাড়া ও গেদুপাড়ার শতাধিক পরিবারের নারী ও পুরুষ। বৈশাখ মাসজুড়ে তাঁরা বিভিন্ন এলাকার মেলায় শিশুদের মনোরঞ্জনের পণ্য রংবেরঙের টমটম গাড়ি বা টরটরি গাড়ি, বেহালা ও সারিন্দা বিক্রি করবেন। নিজেরাই পসরা সাজিয়ে বসেন বিভিন্ন মেলায়।বছরের জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত তাঁরা অলস সময় কাটান। বাকি সাত মাস তাঁরা দেশের বিভিন্ন এলাকার মেলায় যান। কোন মেলা কোন তারিখে হয়, তা মুখস্থ এ গ্রামের নারী-পুরুষদের। উল্লেখযোগ্য মেলার মধ্যে ঢাকার রমনার বটমূলের মেলা, ফরিদপুরের আটরশি, চট্টগ্রামের লালদীঘির ময়দান, গাজীপুরের জয়দেবপুরের রথের মেলা, দিনাজপুরের আটোয়ারীর মেলা, কুষ্টিয়ার লালন শাহের মেলা, জয়পুরহাটের গুপীনাথপুরের মেলা।এ ছাড়া রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, যশোর, মাগুরা, ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারেরা টরটরি গাড়ি ও প্লাস্টিকের খেলনা গাড়ি নেওয়ার জন্য ভিড় করেন।সিরাজগঞ্জের পাইকার গুলজার হোসেন বলেন, ‘মেলায় এখানকার খেলনার বেশ চাহিদা। অগ্রিম টাকা দিয়েও মাল পাওয়া যাচ্ছে না।’সরেজমিন দেখা গেছে, খোলাশ গ্রামের নয়টি পাড়ায় প্রায় ৫০০ পরিবার বসবাস করে। গ্রামের দুটি পাড়া মোন্নাপাড়া ও গেদুপাড়ার নারী-পুরুষেরা টরটরি গাড়ি বানানো নিয়ে ব্যস্ত। তাঁদের সঙ্গে বিভিন্ন বয়সের কিশোর-কিশোরীরা কাজ করছে। এ দুটি পাড়ার শতাধিক পরিবার এ পেশায় নিয়োজিত।জানা গেছে, এ পেশার পুরুষেরা মেলা নিয়ে ব্যস্ত থাকায় তাঁরা বছরের চার-পাঁচ মাস গ্রামে থাকেন না। বেশির ভাগ নারীই এ কাজ করে থাকেন। গ্রামের দিলবর ফকির (৫৮) বলেন, ‘৭০-৮০ বছর আগে কুড়ান মোল্লা ও সুলতাল ফকির (তাঁরা এখন বেঁচে নেই) বিভিন্ন মেলায় বেড়াতে গিয়ে এ কাজ শেখার জন্য উৎসাহী হন। তাঁরাই প্রথম গ্রামে এ কাজের সূচনা করেন।খাতেমন বিবির (৬৮) চার ছেলে ও তিন মেয়ে। ১০-১২ বছর আগে স্বামী মারা গেছেন। এরপর থেকে তিনিই সংসারের হাল ধরেছেন। মেয়ে, মেয়ে জামাই, ছেলের বউদের নিয়ে বাড়ির উঠানে টরটরি গাড়ি তৈরির কাজ করছেন। খাতেমন বিবি জানান, স্বামীর কাছ থেকেই তিনি টরটরি গাড়ি বানানোর কাজ শিখেছেন। ছেলেমেয়ে লেখাপড়ার পাশাপাশি ছোটখাটো কাজও করে থাকে।গ্রামের হানিফ মিয়া বলেন, ‘টমটম গাড়ি তৈরির উপকরণ হলো বাঁশ, সুতলি, রং, আঠা, মাটির খুরি (বাটি), চাকা ও সিমেন্টের ব্যাগের কাগজ। আগে মাটির খুরির ওপর পাতলা চামড়া ব্যবহার করা হতো। চামড়ার দাম বেশি হওয়ায় এখন সিমেন্টের ব্যাগের মোটা কাগজ ব্যবহার করা হয়। প্রতিটি উপকরণের দাম বেড়ে যাওয়ায় মজুরি বাদে এক একটি গাড়িতে খরচ পড়ে সাড়ে তিন থেকে চার টাকা। পাঁচ-ছয় বছর আগে একটি গাড়িতে খরচ পড়ত এক থেকে দেড় টাকা।’