'টাইম টাওয়ার' নির্মাণ শেষ হবে কবে?

২০১৩ সালের ১৫ জুন মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী নগরে সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রকল্প গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী ১৪২ বছরের পুরোনো আলী আমজদের ঘড়ির আদলে নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকার হকার পয়েন্টে ‘টাইম টাওয়ার’ নির্মাণের কাজ শুরু করেন। ২০১৪ সালের জুলাইয়ে যথারীতি কাজও শুরু হয়েছিল।
মাস খানেক কাজ হওয়ার পর সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠান। এরপর মেয়রবিহীন সেই টাইম টাওয়ার নির্মাণের কাজও আর এগোয়নি। স্থাপনাটির নির্মাণকাজ অসমাপ্ত থাকায় সৌন্দর্য বৃদ্ধির বদলে টাওয়ারটি এখন পোস্টার ও ব্যানার সাঁটানোর স্থান হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের এক প্রকৌশলী জানিয়েছেন, ২৯ ফুট উচ্চতাবিশিষ্ট টাইম টাওয়ার, অর্থাৎ ঘড়িটির নির্মাণকাজ ছয় মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। আরিফুল হক কারাগারে যাওয়ার আগে স্থাপনা নির্মাণ অনেকটাই শেষ হয়েছিল। কিন্তু মেয়র কারাগারে যাওয়ার পর কাজ আর এগোয়নি। এ অবস্থায় ঘড়িবিহীন কেবল একটি স্তম্ভই এখন ঠায় দাঁড়িয়ে রয়েছে।
টাওয়ার নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সিটি করপোরেশনের এমন দুজন কর্মকর্তা জানান, টাওয়ারটির উচ্চতা মাটির ওপরে ২১ ফুট এবং মাটির নিচে ৮ ফুট। সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আট লাখ টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ চলছিল। ৪৪ ফুট লম্বা ভূমিতে ত্রিভুজাকৃতির এই টাওয়ারের সম্মুখ, ডান ও বাঁ দিকের অংশে মোট তিনটি ঘড়ি থাকার কথা ছিল। এসব ঘড়িতে বাংলাদেশ, যুক্তরাজ্য ও সৌদি আরবের সময় সংযুক্ত থাকার কথা ছিল।
ওই কর্মকর্তারা আরও জানান, টাওয়ারটির নকশা করেছিলেন মো. এহতেশাম আলী। যুক্তরাজ্য তথা লন্ডন ও সৌদি আরবে সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী থাকায় স্থানীয় মানুষের সুবিধার বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশের সঙ্গে তিন দেশের সময় নির্দেশকের ব্যবস্থা টাওয়ারে রাখা হয়েছিল। রাতেও দেখার জন্য পুরো স্থানটি আলোকসজ্জা করে রাখার ব্যবস্থা ছিল।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ত্রিভুজাকৃতির জায়গার পশ্চিম দিকের ঠিক মাঝখানে একটি ঘড়ির স্তম্ভ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই স্তম্ভে কয়েকটি পোস্টার সাঁটানো রয়েছে। দীর্ঘদিন ধরে টাওয়ারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানে স্থানে শেওলাও জমেছে।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম কিম বলেন, ঐতিহ্যের ধারায় নগরে টাইম টাওয়ার নির্মাণের বিষয়টি অভিনব ছিল। কিন্তু মেয়রবিহীন এই স্থাপনাটি নির্মিত না হওয়ার বিষয়টি হতাশাজনক। নগরের সৌন্দর্য
বৃদ্ধির কারণেই এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করা উচিত।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়র টাইম টাওয়ারটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তিনি (মেয়র) কারাগারে যাওয়ার পর এ-সংক্রান্ত কোনো কাগজপত্র সিটি করপোরেশনে না পাওয়ায় কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া নকশায়ও কিছু ত্রুটি ছিল। তবে এসব ত্রুটি দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটি দ্রুত খতিয়ে দেখা হবে।