‘টাকা আর যোগাযোগ থাকলেই আমরা এমপি হয়ে যাচ্ছি’
মেধাবীরা এখন রাজনীতিতে আসছেন না। টাকা আর যোগাযোগ থাকলেই আমরা এমপি হয়ে যাচ্ছি। যে জন্য শিক্ষা, শিক্ষার মান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংকটের মুখে পড়ছে।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর ওই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যাঁরা জাতীয় সংসদে আইন প্রণয়ন করবেন তাঁরা যদি মেধাবী না হন তা হলে ওই সংকট থেকেই যাবে। এ জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, যশোরের স্থানীয় সাংসদ খালেদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার সভাপতি হারুন-অর-রশিদ, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জামাল হোসেন প্রমুখ।