'টাকা চাই না, সন্তান চাই'
প্রায় পাঁচ বছর আগে মেয়েকে এক বাসায় কাজে দিয়েছিলেন হতদরিদ্র হোসনে আরা। ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে মেয়েকে ফেরত চাইছিলেন তিনি। ফিরিয়ে দেওয়া হবে বলে বারবার আশ্বাস দিয়ে শেষমেশ জানানো হলো, মেয়ে হারিয়ে গেছে। হোসনে আরা সন্তানের সন্ধানে একবার গৃহকর্তা, আর একবার পুলিশের কাছে দৌড়াচ্ছেন। হুমকি, উপেক্ষা আর ধমক ছাড়া কিছুই জোটেনি তাঁর কপালে।
গত বৃহস্পতিবার বিকেলে ‘প্রথম আলো’র কার্যালয়ে এসে কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দিয়ে হোসনে আরা বললেন, প্রতিকার চেয়ে মতিঝিল ও ভাটারা থানায় সহায়তা চাইতে গিয়েছিলেন তিনি। পুলিশের কাছ থেকে হুমকি-ধমকি ও গালাগালাজ ছাড়া আর কিছুই পাননি। অন্যদিকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) বাবদ তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে এক হাজার টাকা।
মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির ফুটপাতে ঘর তুলে চার সন্তান নিয়ে থাকেন হোসনে আরা। স্বামী মো. আরজু মানসিকভাবে অসুস্থ। বাসাবাড়িতে কাজ করে সংসার চালান তিনি। বাড়তি উপার্জনের জন্য তৃতীয় সন্তান লোপাকে বাসার কাজে দেওয়া হয়েছিল।
হোসনে আরা বলেন, মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির এক বাসায় কাজ করতেন তিনি। ওই বাসার গৃহকর্তা দেলোয়ার হোসেন তাঁকে জানান, ধানমন্ডিতে তাঁর মেয়ে জেসমিন আক্তার পিপাসার বাসায় কাজের লোক দরকার। হোসনে আরার মেয়ে লোপাকে দেওয়ার জন্য বলেন দেলোয়ার। এতে রাজি হন তিনি। প্রায় তিন বছর আগে জেসমিন ধানমন্ডির বাসা পরিবর্তন করে ভাটারা থানার বসুন্ধরা এলাকায় যান।
হোসনে আরা অভিযোগ করেন, মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা কখনোই নিয়মিত দেওয়া হয়নি। তাই এক বছর ধরে তিনি মেয়েকে ফিরিয়ে দিতে দেলোয়ারকে বলেন। কিন্তু উল্টো দেলোয়ার তাঁকে গালিগালাজ করেন। হোসনে আরা বলেন, ‘এক বছর ধইরা মাইয়ারে দেখি নাই। বসুন্ধরার কোন বাসায় আছে, তা-ও জানি না। ফোনে মাইয়ারে দিতে কইলে পিপাসা (জেসমিন) আমারে গালাগালি করে। বলে, “তোরে খাইতেও দিমু না, মাইয়ারেও দিমু না”।”’
হোসনে আরা বলেন, লোপাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে এলাকার কয়েকজন নেতাকে ধরেন তিনি। পরে দেলোয়ার জানান, ১৫ সেপ্টেম্বর লোপাকে ফিরিয়ে দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর ফোন করলে দেলোয়ার এবার জানান, লোপা ১৪ সেপ্টেম্বর হারিয়ে গেছে। ভাটারা থানায় জিডি করা হয়েছে।
ভাটারা থানায় নিখোঁজের জিডিটি করেন জেসমিন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কাউকে কিছু না বলে মোছাম্মত্ রুপা (লোপা) বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
হোসনে আরা বলেন, এসব ঘটনার বিবরণ দিয়ে মেয়েকে উদ্ধারের জন্য তিনি মতিঝিল থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। পুলিশ তাঁকে ভাটারা থানায় যেতে বলে। ভাটারা থানায় গেলে জেসমিনের করা জিডির তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম তাঁকে গালিগালাজ করেন। হুমকি-ধমকি দেন। বলেন, ‘মাইয়া হারাইয়া গেছে। এখন বানাইয়া আইনা দিমু নাকি।’ হোসনে আরা বলেন, ‘ভয়ে আমি চইলা আসি। কী করমু বুঝতে পারতেছিলাম না। পরে একজনরে দিয়ে একটা অভিযোগ লেখাই। মতিঝিল থানায় যায়। সেখানে এএসআই আবুল হোসেন আমারে বলেন, “বিষয়ডা আমি দেখতাছি। তয় পান খাওয়ার কিছু দেন।” মাইয়ারে খুঁইজা দেব শুইনা আমি আবুল হোসেনরে এক হাজার টাকা দেই। কিন্তু আবুল হোসেন আর কোনো দেহা দেহেন নাই।’
যোগাযোগ করা হলে দেলোয়ার ‘প্রথম আলো’কে বলেন, ‘ওর মাইয়া হারাইয়া গেছে।’
‘এ দায় এখন কার?’ প্রশ্ন করলে দেলোয়ার বলেন, ‘আমার মাইয়া ও তাঁর জামাইরে দায় নিতে অইব।’
যোগাযোগ করা হলে জেসমিন বলেন, ‘লোপাকে ওর মা একেবারেই আমাকে দিয়ে দিয়েছে’। প্রায় পাঁচ বছর আগে লোপাকে দেওয়া হয়েছে বলে হোসনে আরা জানালেও জেসমিনের দাবি সাত বছর ধরে লোপা তাঁর বাসায় কাজ করে। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর টাকা ও স্বর্ণালংকার নিয়ে সে বেরিয়ে গেছে।’
‘কিন্তু জিডিতে তো কোনো কিছু নেওয়ার কথা উল্লেখ করেননি।’
‘করিনি। তবে এখন মামলা করব।’
‘সাত বছর ধরে কোনো কিছু হলো না, হঠাত্ লোপা বের হয়ে গেল কেন?’
‘এটা ওর (লোপা) ব্যাপার।’
‘হারিয়ে যাওয়ার পর তার মা-বাবাকে জানাননি কেন?’
‘আমরা ওয়েট করছিলাম। সে ওর বাবা-মায়ের কাছে গেছে কি না।’
‘ফেরত চাওয়ার পরও লোপাকে দেননি কেন?’
‘আপনি মনে হয় কোনো সার্ভেন্ট দিয়া কাজ করান নাই।...আমি অসুস্থ ছিলাম। আর আরেকটা কাজের মেয়ে পাওয়ার পর না দেব, নাকি?’
‘আপনার বাবা বলছে, এ দায় আপনার ও আপনার স্বামীকে নিতে হবে।’
‘আমারে ফাঁসি দিয়া দেন।’
যোগাযোগ করা হলে ভাটারা থানার এসআই আমিনুল হুমকি-ধমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আসলে নিখোঁজের জিডি তো, তদন্তের কিছু নাই। সব জায়গায় বার্তা পাঠাইয়া দিছি।’
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মতিঝিল থানার এএসআই আবুল হোসেন বলেন, ‘দেলোয়াররে বলে দিছি, যেভাবেই হোক কিছু একটা করতে।’
হোসনে আরা বলেন, ‘দেলোয়ার কয়েক নেতারে দিয়া আমারে টাকার অফার দিতেছে। আমার ভাই টাকার দরকার নাই। আমি আমার সন্তান চাই। কিন্তু এখন আমি কার কাছে যামু!