'টাকা চাইনে, বিচার চাই'
‘টাকা চাইনে। আমি আমার পিতা হত্যার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী।’ গতকাল সোমবার সাতক্ষীরা সার্কিট হাউস চত্বরে কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত মোসলেম উদ্দিনের ছেলে জাকির হোসেন এ কথা বলেন। এ সময় জামায়াত-শিবিরের হাতে নিহত ব্যক্তিদের স্বজন, আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জাকিরের মা আফরোজা খাতুনের হাতে আর্থিক সহযোগিতার টাকা তুলে দিয়ে বলেন, ‘আমি কথা দিচ্ছি, হত্যাকারীদের সাজা পেতেই হবে।’
আর্থিক সহযোগিতা নেওয়ার সময় প্রায় সবাই কান্নায় ভেঙে পড়েন। অনেকেই বলেন, তাঁদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাঁর স্বামী। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় দাঁড়াবেন।
ছাত্রলীগের সাবেক নেতা ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মামুন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রধানমন্ত্রী, আমার কী হবে। কী করে বাকি দিনগুলো চলবে। বিয়ের পর বছরও পার হয়নি। চোখের সামনে স্বামীকে নিষ্ঠুরভাবে হত্যার দৃশ্য দেখতে হলো।’
গত বছর ২৮ ফেব্রয়ারি দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় হওয়ার দিনই জামায়াত-শিবিরের কর্মীরা মামুনকে পিটিয়ে হত্যা করেন।
কান্নায় ভেঙে পড়েন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত রবিউল ইসলামের স্ত্রী সুমাইয়া খাতুন। তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, ‘পাঁচটি বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব।’
শেখ হাসিনা এ সময় সবার কথা শোনেন। তিনি বলেন, ‘আপনারা কেউ এলাকা ছেড়ে যাবেন না। আমি আপনাদের পাশে আছি, থাকব।’