'টাকা ছাড়া আদালতের পেশকার ও পিয়নরা নথি দেখান না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা না দিলে আদালতের পেশকার-পিয়নরা মামলার নথি দেখান না। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) আয়োজিত জাস্টিস ফর অল প্রোগ্রামের পরিচিতি সভায় আইনজীবীরা এই অভিযোগ করেন। সভায় উপস্থিত কয়েকজন আইনজীবী বলেন, ‘আমরা লিগ্যাল এইড দিতে গিয়ে আদালতের কর্মচারীদের কাছে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হই। টাকা ছাড়া তাঁরা মামলার কোনো নথি দেখাতে চান না, যে কারণে ইচ্ছা থাকলেও যথাযথ সেবা দেওয়া সম্ভব নয়।’ ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, এখন থেকে লিগ্যাল এইডের মামলায় বিনা পয়সায় নথি দেখার ব্যবস্থা করা হবে।’ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ এলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
সভার প্রধান অতিথি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলাম বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে ৬৪ জেলায় লিগ্যাল এইড কার্যালয় স্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আবদুল মজিদ। বক্তব্য দেন ইউএসএআইডির জাস্টিস ফর অল কর্মসূচির চিফ অব পার্টি সান্ড্রা ফেইনজিগ, ডেপুটি চিফ অব পার্টি শারমীন ফারুক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাব্বির মাহমুদ চৌধুরী প্রমুখ। সভায় ঢাকার মহানগর, জেলা জজ, সিএমএম এবং সিজিএম আদালতের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, আইনজীবী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।