'টাকা থাকলে বুঝি নদীর পাড়ে থাকতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীভাঙনে সব খুইয়েছেন পারুলেরা। ছবি: লেখক
নদীভাঙনে সব খুইয়েছেন পারুলেরা। ছবি: লেখক

‘আগুনে পুড়লে, ভিটামাটি থাকলে, ডেরা-বাসা উঠিয়ে থাকা যায়। নদীতে পাঁচ ভাঙা দিছে। নদী ভাঙার পর পথের ভিখারি অই গেছি। আটা খেয়ে খেয়ে থাকি, যদিও ঘরে এখন আটাও নাই। খুব কষ্টে আছি। কেউ আমাদের খোঁজ নেয় না, আমাদের কেয়ার করে না। মেম্বার-চেয়ারম্যান, কারও কাছ থেকে একমুঠ চাইলও হাই না।’ 

কথাগুলো পারুল বেগমের। বয়সের সীমানা ৪০ পেরিয়েছে। নদীতীরের ঘরে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন তিনি। 
পারুল বেগমের ছয় সন্তান। পাঁচ মেয়ে, এক ছেলে। এর ভেতর চারজনের বিয়েশাদি হয়েছে। কিন্তু সংসার চলে না আগের মতো। টানাটানির সংসার, দুবেলা ভাত জোগাড়ের জন্য পারুল বেগমকে রোজ দুশ্চিন্তায় ধুঁকতে হয়। স্বামী শাহাজান ইটভাটায় কাজ করেন। তাঁর আয়রোজগারের অর্থ কাজের শুরুতেই শেষ। ধারদেনা আংশিক পরিশোধ করে। 
পারুল বেগমের বাড়ি ছিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনির তালতলী হাইস্কুলের পশ্চিমে। আট বছর আগে স্থায়ী বসবাস ছিল তারঁ। কিন্তু চারবারের নদীর ভাঙন নিঃস্ব করেছে তাঁর স্বপ্নগুলোকেও।
পারুল বেগমের অভিযোগ, ‘এত নাম আসে, কেউ একটা চালও দেয় না৷ অনেক কষ্ট করেছি। নদীতে ঝাঁপ দেওয়ার বাকি আছে। কোনো দিন একমুঠ চালও কেউ দেয় নাই। আমাগোর দিকে কেউ চায় না।’
এ অভিযোগ কেবল একজন পারুল বেগমের নয়। কমলনগরের পথে পথে এমন অনেক পারুলের দেখা মিলবে। যাঁদের চুলোয় আগুন জ্বলে না আগের মতো। ধারদেনা, নদীভাঙনে যাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একটু হাঁপ ছেড়ে বাঁচার আকুতি করলেও যাঁদের পাশে দাঁড়ায় না কেউই। 
পারুল বেগম এখন চর কালকিনির নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা। ঘরের সীমানা পার হয়ে পুকুর, তারপরই মেঘনা ধেয়ে আসছে পারুল বেগমকে আবার কাঁদাতে। পারুল বেগমের শঙ্কায় কাটছে সময়। কখন যে পাঁচবারের মতো ভিটা ছাড়তে হয় তাকে। পারুল বেগম এখন যেখানের বাসিন্দা, এটি তাঁর কেনা জায়গাও নয়। ভাড়া করা জায়গা। 
পরবর্তী গন্তব্য কোথায়? প্রশ্নটার জবাব মেলেনি। বাকরুদ্ধ পারুল বেগম। বেঁচে থাকার সংগ্রামে নিজকে সঁপেছেন জীবনভর। তবু পারুল বেগম দীর্ঘশ্বাস ফেলেন নদীতীরে। স্বপ্ন দেখেন, নদীতে বাঁধ হবে, সরকার পাশে দাঁড়াবে। 

জমিজিরাত হারিয়ে আবদুজ্জাহের এখন নিঃস্ব। ছবি: লেখক
জমিজিরাত হারিয়ে আবদুজ্জাহের এখন নিঃস্ব। ছবি: লেখক

পারুল বেগম যেখানের, এখন বাসিন্দা এটি চর কালকিনির নাজিরগঞ্জ বাজার থেকে একটু দক্ষিণে হাতের বাঁয়ে। ১০-১৫টি পরিবার মিলে ভাড়া করে কোনোমতে জীবন কাটিয়ে দিচ্ছেন। 
পারুল বেগমের মতো আরও এক চরিত্র বিবি কুলছুম। বয়স তেমন একটা হয়নি। ২৫ বছর। এ বয়সেই কুলছুমের নদীতে সাতবার ভেঙেছে। কুলছুমের কাছে প্রশ্ন রাখি, নদীভাঙনে কেমন আছেন? ‘জায়গাজমি অনেক ছিল। শ্বশুর-শাশুড়ি থেকে অনেকটা বিচ্ছিন্ন এখন। ছেলে একজন, জুবায়ের। চার বছর বয়স। তারে নিয়া মেলা কষ্টের মধ্যে আছি। কতজনে কথা কতা কয়, একটা সোলারও আনতে পারি নাই। কত অভাবের মধ্যে আল্লাহ রাখছে। কোনো সময়, কোনো কিছুই পাই নাই। আমরা একটা সুতাও পাই নাই। নদীতে ভাঙছে কেন, মানুষ নদীভাঙা বলে গালি দেয়। কতজনে হিংসা করে, কত কথা কয়। নদী না ভাঙলে অনেক ভালো অবস্থায় থাকতাম। ঘরের ভেতর এখন একটা চালও নাই। নদী আমাদের সব কাইড়া নিয়া গেছে। শাশুড়িরা অবস্থা ভালো হবার পর চলে গেছে, আমরা এখনো কিছু করতে পারি নাই৷’ বলছিলেন বিবি কুলছুম। 
সামনে এগোতে হবে। কিন্তু নোটবুকে নামের সংখ্যা দীর্ঘ হচ্ছে। এই দুজনের সঙ্গে গল্পের পর গল্প শুরু কলোনির আরেক বাসিন্দা মো. আবদুজ্জাহেরের সঙ্গে। নিজের নদীভাঙার চিত্র বর্ণনা করে তিনি বলছিলেন, ‘মোট চার ভাঙা দিছে। প্রথমে ছিলাম পুরান কুমিরা, তারপরে বাংলাবাজার, তারপরে তালতলী, এখন নাছিরগঞ্জ৷’ 
নদীভাঙনের কারণে আবদুজ্জাহেরের পেশার পরিবর্তন ঘটেছে। নদী ভাঙার আগে ছিলেন কৃষক, ভাঙার পরে এখন জেলে। চার একর জমি ছিল তাঁর। ভাগ্যের এমন নির্মম পরিহাস, এখন অন্যের জায়গায় ভাড়া করে থাকেন। 
আবদুজ্জাহেরের দুই মেয়ে, এক ছেলে। দুজন পড়ছে, আর্থিক সংকটে বড় মেয়ে পড়াশোনা থেমে যায় ষষ্ঠ শ্রেণির গণ্ডি না পেরোতেই। অন্য কোথাও জায়গাজমি কেনার কোনো ব্যবস্থা হয়নি।
আবদুজ্জাহেরের সঙ্গে গল্প চলছিল, এর মধ্যেই হাজির ৬৫ বছরের বৃদ্ধ আজিজুল হক। নদীর দিকে তর্জনী উঁচিয়ে তিনি বলছেন, ‘তালতলীর পুব সাইডে শ্বশুরবাড়িতে ছিলাম। তারপরে গোলাম ব্যাপারীগো ওখানে ছিলাম ২-৩ বছর। হিয়ানতন ভাঙার পর খুরশিদ ব্যাপারীগো বাড়ি, তারপর অন নাছিরগঞ্জে। তিন কানি জমি আছিল। সব ভাঙি শ্যাষ। অন গাঙে মাছ ধরি। দুইটা মাইয়া লই কোনোরকম দিন কাডাই। শরীর হেই আগের অবস্থাও নাই। খুব কষ্টে আছি।’ 

নদীভাঙন কত মানুষকে যে পথে বসিয়েছে, তার হিসাব মেলা ভার। ছবি: লেখক
নদীভাঙন কত মানুষকে যে পথে বসিয়েছে, তার হিসাব মেলা ভার। ছবি: লেখক

শেষ গল্পটা হয় পেয়ারা বেগমের সঙ্গে। পেয়ারা বেগমকে বিয়ে দেওয়া হয়েছে ভোলার দৌলতখানে। কিন্তু বিধি বাম। পেয়ারা বেগমের বাবাও মারা গেছেন, স্বামীও মারা গেছেন। একদিকে এতিম, অন্যদিকে বিধবা পেয়ারা। স্বামীর চেয়ে বাবার শূন্যতা পেয়ারাকে বেশি কাঁদায়। কারণ, বাবা থাকলে পেয়ারাকে এখন সংসারের ভার কাঁধে নিতে হতো না। ৮ বছর আগে বিয়ে হয়েছে তাঁর। ষষ্ঠ শ্রেণিতেই পড়া থামিয়ে বিয়ে হয় তাঁর। কিছু বুঝতেনও না। পরিবারের সিদ্ধান্তে পেয়ারা বেগম বিয়েতে রাজি হন। স্বামী মারা যান, কিন্তু পেয়ারার ছয় বছরের এক মেয়ে। স্কুলে পড়ে। এখন থেকে আড়াই বছর আগে পেয়ারা বেগমের বাবা মারা যান। আগ থেকেই আছে নদীভাঙনের ক্ষত। এসবের ধাক্কা সামলাতেই হচ্ছে তাঁকে। ইনস্যুরেন্সের একটা চাকরি নিয়েছেন প্রোটেকশন হিসেবে। যদি নাম বসাইতে পারেন, তবে ইনকাম। নইলে পেয়ারা বেগমের জীবনের প্রতিটি ক্ষণ হয়ে ওঠে যন্ত্রণায় অভিশপ্ত। 
পারুল বেগম, বিবি কুলছুম, আবদুজ্জাহের, আজিজুল হক আর পেয়ারা বেগম। সবার মুখে একই স্বর, নদীভাঙন থেকে বাঁচাতে সরকার যেন এগিয়ে আসে। 
[email protected]