‘টাকা না দেন, এমনি নিয়া যাও’
‘আরে বাহে, টাকা না দেন এমনি নিয়া যাও। তা-ও আদা মাগনা দাম কন না।’ কথাগুলো একজন ধানক্রেতাকে উদ্দেশ করে এভাবেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী জুম্মাপাড়া গ্রামের কৃষক সেলিম মিয়া (৩৮)। সম্প্রতি বদরগঞ্জ হাটে হাইব্রিড জাতের (মোটা ধান) ওই ধান বিক্রি করতে এসেছিলেন সেলিম মিয়া। হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করার পরও বিক্রি না হওয়ায় হতাশ হয়ে তাঁর মতো অনেক কৃষক ধান বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।সরেজমিনে হাটের ওই ধানের বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার দুই ধারে শুধু ধান আর ধান। সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করেও দাম না করায় বাড়িতে ফিরিয়ে নিতে পাঁচ মণ ধান রিকশা-ভ্যানে তুলছিলেন কাঁচাবাড়ি গ্রামের কৃষক আলতাবুল ইসলাম (৫০)। এ সময় তিনি হতাশ কণ্ঠে বলেন, ‘হামরা বাপু গরিব কেষক। অল্প মাটিত মোটা ধান আবাদ করচি। ধান ভালোয় হইচে। তাক বেচপার আলচি পাঁচ ঘণ্টা ধরি হাটোত বসি থাকনো, কায়ো একবার দামও করিল না। এখন ধান আনা-নেওয়া ভ্যান ভাড়া দিবার নাগবে ১৫০ টাকা।’ খোঁজ নিয়ে জানা গেছে, ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ধান ব্যবসায়ী ও ফড়িয়ারা। হাটে মোটা ও চিকন জাতের ধানের পর্যাপ্ত আমদানি থাকলেও তারা চিকন জাতের ধান (বিআর ২৮, ১৬ ও ২৯ জাত) কিনেছেন মণপ্রতি ৩৮০-৪০০ টাকায়। মোটা জাতের ধান কেনা থেকে বিরত রয়েছেন। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। মোটা ধান কিনছেন না কেন—এমন প্রশ্নের জবাবে হাটের ধান ব্যবসায়ী মনির হোসেন (৪৫) বলেন, ‘মোটা ধানের চাহিদা নেই। মিলাররা এই ধান নিচ্ছেন না। তাঁরা নেওয়া শুরু করলে আমরা তখন কিনব।’ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘বদরগঞ্জ উপজেলা খাদ্য-উদ্বৃত্ত এলাকা। এখানে চলতি বছর ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষ করে ধান উৎপাদিত হয়েছে প্রায় এক লাখ ১৪ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকায় ফলন হয়েছে বাম্পার। কিন্তু স্থানীয় হাট-বাজারে ধানের দাম কিছুটা পড়ে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন।’