'টাকা না দেন এমনি নিয়া যাও'
‘আরে বাহে, টাকা না দেন এমনি নিয়া যাও। তা-ও আদা মাগনা দাম কন না।’ একজন কাঁঠাল ক্রেতাকে উদ্দেশ করে এভাবেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা গ্রামের কাঁঠালচাষি হযরত আলী (৩৮)।
গত বৃহস্পতিবার সকালে ইকরচালী বাজারে কাঁঠাল বিক্রি করতে এসেছিলেন হযরত আলী। হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও বিক্রি না হওয়ায় হতাশ হয়ে তাঁর মতো অনেকে কাঁঠাল বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।
কয়েকজন কাঁঠালচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারাগঞ্জে কাঁঠালের ফলন ভালো হয়েছে। কিন্তু পবিত্র রমজানে রোজা রাখায় কেউ তেমন কাঁঠাল খাচ্ছে না। হাটবাজারগুলোতে কাঁঠাল ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হওয়ায় কাঁঠালচাষিরা পড়েছেন বিপাকে।
ইকরচালী বাজারে দেখা যায়, রাস্তার দুই ধারে শুধু কাঁঠাল আর কাঁঠাল। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও ক্রেতা না পেয়ে বাড়িতে ফিরিয়ে নিতে ৬০টি কাঁঠাল ভ্যানে তুলছিলেন মাটিয়ালপাড়া গ্রামের লেবু মিয়া (৩৫)। এ সময় তিনি হতাশ কণ্ঠে বলেন, ‘মোর ৪০টা গাছের একটা বাগান আছে। এবার মেলায় কাঁঠাল ফলছে। ৬০টা কাঁঠাল বেচপার আলছুং। পাঁচ ঘণ্টা থাকি হাটোত বসি থাকনু কায়ো একবার দামও করিল না। এখন কাঁঠাল আনা-নেওয়া ভ্যান ভাড়া দিবার নাগবে ৮০ টাকা।’
নারায়ঞ্জন গ্রামের বাবলু মিয়ার ৮০টি কাঁঠালগাছ আছে। স্থানীয় হাটে গত এক সপ্তাহে তিনি বাগানের তিন ভাগের এক ভাগ কাঁঠালও কাঙ্ক্ষিত দামে বেচতে পারেননি। তিনিও ইকরচালী বাজারে এসেছিলেন কাঁঠাল বেচতে। কিন্তু ক্রেতা না পাওয়ায় প্রতিটি কাঁঠাল পাঁচ টাকা দরে পাইকারের কাছে বিক্রি করে বাড়ি ফেরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এবার গতবারের তুলনায় কাঁঠাল বেশি হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁঠাল বিক্রির মূল মৌসুম রমজান মাস। কিন্তু এ মাসে কাঁঠালের চাহিদা কম থাকায় কাঁঠালের বাজারে ধস নেমেছে।