‘টাকা না নিলে বিশ্বাসই করে না হামরা ভোট দিমো’
দিনাজপুরের বিরামপুর পৌরসভার নিম্ন আয়ের বেশির ভাগ ভোটার এবারও টাকার বিনিময়ে ভোট দেওয়ার কথা ভাবছেন। তাঁদের যুক্তি, নির্বাচনের পরে প্রার্থীরা আর তাঁদের কথা মনে রাখেন না, তাঁদের জন্য আসা বরাদ্দও তাঁরা পান না। তাই ভোটের মাঠে নগদ নিতে তাঁদের কোনো সংকোচ নেই। আবার অনেক ভোটারের দাবি, টাকা না নিলে প্রার্থী নিশ্চিত হন না যে তিনি তাঁর লোক, তাই টাকা না চাইলেও টাকা নিতে হয়। ভোট কেনাবেচার এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুধীজনেরা।১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয় প্রার্থী। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র হোসেন আলী সরকার, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা গোলাম তৌফিক, মো. মোস্তাকিম ও আঞ্জুয়ারা বেগম। স্থানীয়ভাবে তাঁরা সবাই বিত্তশালী হিসেবে পরিচিত।পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোহাটি বস্তির বাসিন্দা রিকশাচালক শহিদুল (২৩) প্রথম আলোকে বলেন, ‘ভোট আসিলে হামার খবর হয়। তারপর আর কাঁইয়ো দেকবার আইসে না। উন্নতি করিবার টাকা আসিলেও যাঁরা জিতবে, তামহার লাভ। তায় হারা গরিব মানুষরাও নগদ বুঝবা শিখছি। গতবার ভোটত হামরা দুজন মেয়র প্রার্থীর একজনের কাছ থেকে ২০০, অপরজনের কাছে ৩০০ টাকা জনপ্রতি নিছি।’ একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস ছালাম (৩৫) বলেন, ‘গরিব মানুষ টাকা না নিবার চাইলেও জোর করি টাকা দিবে। না নিলে প্রার্থীরা বিশ্বাসই করে না ওমহাক হামরা ভোট দিমো।’পূর্বপাড়ার ভোটার ফৌজিয়া বানু, আকলিমা ও নূরজাহান জানান, গত নির্বাচনে তাঁরা দুজন মেয়র প্রার্থীর কাছ থেকে ভোটপ্রতি ৩০০ টাকা করে পেয়েছিলেন। এ ছাড়া ভোটের আগের রাতে একটি করে তাঁতের শাড়ি দিয়েছিলেন এক মেয়র প্রার্থী। এবারের প্রার্থীরা টাকাওয়ালা। তাই এবার ভোটপ্রতি ৫০০ টাকা ও একটি করে শাড়ি পাওয়ার আশা করছেন। ৪ নম্বর ওয়ার্ডের ঘাটপাড় এলাকার সহকারী শিক্ষক পবন কুমার শীল (৩২) বলেন, বিরামপুরে টাকা দিয়ে নির্বাচন করাটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন—কোনো প্রার্থীর কাছ থেকে টাকা না নিলে ওই প্রার্থী তাঁদের সন্দেহ করেন, ভুল বোঝেন। পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি কারণে এখানে টাকার বিনিময়ে ভোট কেনাবেচা হয়। প্রথমত, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সেবা পান না ভোটাররা। তাই ভোটের সময় নগদ হিসেবে প্রাপ্য টাকাকেই তাঁদের নায্য পাওনা হিসেবে গ্রহণ করেন। দ্বিতীয় কারণ হলো, প্রার্থীরাই তাঁদের কাছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করতে উৎসাহিত করেন।মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, পৌরসভার মোট ভোটারের ৩০ শতাংশই টাকার বিনিময়ে ভোট দিয়ে থাকেন। এ ছাড়াও ২০ শতাংশ ভোটের দিন বিভিন্ন বাহানা দিয়ে টাকা নিয়ে থাকেন। বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার বলেন, ভোট মানুষের পবিত্র আমানত। টাকার বিনিময়ে ভোট প্রদান করা সমাজের জন্য দুর্ভাগ্যজনক। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ মনে করেন, টাকার বিনিময়ে প্রার্থীরা নির্বাচিত হওয়ায় পৌরসভার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন সম্ভব হয় না। কারণ নির্বাচিত হওয়ার পর প্রথম ও প্রধান লক্ষ্য থাকে কীভাবে নির্বাচনে খরচ হয়ে যাওয়া টাকা উসুল হবে।পৌরসভার বর্তমান মেয়র হোসেন আলী সরকার দাবি করেন, গত নির্বাচনে তিনি টাকা দিয়ে একটি ভোটও কেনেননি। এবারও কিনবেন না। মো. আক্কাস আলী বলেন, তিনি টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করেননি, এবারও করবেন না। আজাদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত ব্যয়সীমার মধ্যেই তিনি নির্বাচন করবেন। একমাত্র মহিলা প্রার্থী আঞ্জুয়ারা বেগম বলেন, অতিরিক্ত টাকা খরচ করার সামর্থ্য তাঁর নেই।