'টাকা নেবেন, টাকা'
‘টাকা নেবেন টাকা, কড়কড়ে টাকা!’ এ রকম হাঁক ছেড়ে নতুন টাকার বান্ডিল নিয়ে বগুড়া জেলার শিবগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন মনোয়ার হোসেন (৫০)।
ঈদুল ফিতরে নতুন টাকার চাহিদা বেশ। তাই এ ব্যবসা শুরু করেছেন এবং লাভও ভালো হচ্ছে বলে জানালেন মনোয়ার।
রমজানের ঈদে মানুষের যেমন নতুন পোশাক চাই, তেমনি চাই টাকার নতুন নোট। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদুল ফিতর। তাই মানুষ কেনাকাটার সঙ্গে সঙ্গে নতুন টাকাও সংগ্রহ করছেন। ঈদে বকশিশ, জাকাত, ফিতরা বা দান-খয়রাত করতে লোকজন নতুন কড়কড়ে নোট জোগাড় করেন। ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাঁরা নতুন নোট সংগ্রহ করতে পারছেন না, তাঁদের ভরসা মনোয়ার। অবশ্য অনেকে জেলা সদরে গিয়ে নতুন টাকা কেনেন। সেখানে অনেককেই কড়কড়ে নোট বিক্রি করতে দেখা যায়।
মনোয়ার হোসেন গত বুধবার প্রথম আলোকে জানান, ছয় বছর ধরে তিনি ঈদুল ফিতরের আগের কয়েকটা দিন এ ব্যবসা করেন। ঈদে এক, দুই, পাঁচ, ১০ আর ৫০ টাকার নোটেরই চাহিদা বেশি। এবার এক টাকার ১০০টি নোট বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ৫০০টি দুই টাকার নতুন নোটের দাম এক হাজার ২৫ টাকা। ১০০টি ১০ টাকার নোট বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়। আর ৫০টি ২০ টাকার নোট কিনতে হচ্ছে এক হাজার ৭৫ টাকায়। নতুন নোট বিক্রির পাশাপাশি পুরাতন ও ছেঁড়া টাকাও বদলে দেন তিনি।
উপজেলার নাটমরিচাই গ্রামের গোলাম মাহবুব (৪০) বলেন, ঈদের নামাজে যাওয়ার আগে অথবা নামাজ পড়ে এসে ছোটরা বড়দের সালাম করে। সালামের পর বকশিশ হিসেবে অনেকেই নতুন নোট দেন। যিনি কড়কড়ে নোট দেন, তিনি যেমন আনন্দ পান, তেমনি যে টাকাটা নেয়, সে-ও খুশি হয়।