'টাকা নয়, ছেলে হত্যার বিচার চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেনি দালানে গ্রেনেড হামলায় নিহত সাজ্জাদ হোসেনের ছবি হাতে তার মা রাশেদা বেগম, পাশে বাবা মো. নাসির। কেরানীগঞ্জের বাড়ি থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
হোসেনি দালানে গ্রেনেড হামলায় নিহত সাজ্জাদ হোসেনের ছবি হাতে তার মা রাশেদা বেগম, পাশে বাবা মো. নাসির। কেরানীগঞ্জের বাড়ি থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

‘সরকার ২০ হাজার টাকা দিতে চাইছে। আমি টাকা চাই না; ছেলে হত্যার বিচার চাই। যাতে আমার ছেলের মতো করুণ মৃত্যু অন্য কারও না হয়।’ বলছিলেন হোসেনি দালানে গ্রেনেড হামলায় নিহত শিশু সাজ্জাদ হোসেন সানজুর মা রাশেদা বেগম (৬০)।
গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার হাবিবনগর এলাকায় নিজ বাসায় রাশেদা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
রাশেদা বলেন, বিস্ফোরণে আহত হয়ে তাঁর নাতনি সাজিয়া সুলতানা স্নেহা (১২) ও ছেলের শাশুড়ি আয়শা বেগম (৬২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মতো আরও অনেকে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য টাকা দরকার।
তিনি বলেন, ছেলেকে হারিয়ে যে ক্ষতি হয়েছে তা পূরণীয় নয়। তাই সরকারি বরাদ্দের টাকা তাঁদের প্রয়োজন নেই। তিনি গ্রেনেড হামলায় আহত হয়ে ভর্তি থাকা লোকদের সুচিকিৎসা দিতে সরকারের প্রতি আবেদন জানান। একই সঙ্গে তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
সানজুর বাবা মো. নাসির জানান, তিনি সানজুর লেখাপড়ার খরচ জোগাতে বংশালে একটি রেক্সিনের দোকানে চাকরি করেন। তিনি বলেন, ‘ছেলে তো চলেই গেল। কার লেখাপড়ার খরচ জোগাতে চাকরি করব? এখন আর চাকরি করব না।’ তিনি বলেন, ‘সানজুর মৃত্যুতে সরকার ২০ হাজার টাকা অনুদান দিতে চাচ্ছে। সরকারের লোকজন আমাকে টাকা নেওয়ার জন্য একাধিকবার ফোনও করেছিল। আমি সেই টাকা নিতে রাজি নই। আমি তাদের বলেছি, আমার টাকার প্রয়োজন নেই। আমার ছেলের মৃত্যুতে যে ২০ হাজার টাকা সরকার অনুদান দিতে চাচ্ছে, সেই টাকা আহতদের চিকিৎসার জন্য দিতে বলেছি।’

হামলার শিকার হয়ে আহত হয়েছেন সানজুর বড় ভাবি সুমি আক্তার (২৮)। তিনি জানান, গত সোমবার তাঁর ডান পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে। কিন্তু জখমের জায়গা দিয়ে এখনো ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। স্থানীয় চিকিৎসক ওষুধ দিয়েছিলেন, সেগুলো সেবন করছেন। কিন্তু এখনো পায়ের ব্যথা কমেনি। ঠিকমতো হাঁটতে পারছেন না তিনি।

এদিকে সানজু যে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম শ্রেণিতে পড়ত, কেরানীগঞ্জের সেই চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।