'টাকা যার শিক্ষা তাঁর' নীতিতে চলছে শিক্ষাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টাকা যার শিক্ষা তাঁর’ এই নীতিতে দেশের শিক্ষাব্যবস্থা চলছে বলে দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শিক্ষার অধিকার আদায়ে সমন্বিত বৈশ্বিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার ‘দেশে দেশে শিক্ষা সংকোচন, শিক্ষাবাণিজ্য এবং সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক মতবিনিমিয় সভায় সংগঠনটি এ আহ্বান জানায়।
সভায় ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে আসা অতিথিরা জানান, তাঁদের দেশের শিক্ষাব্যবস্থাতেও বাণিজ্যিকীকরণ চলছে। শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে।
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুচেতা দে বলেন, যার কাছে টাকা আছে, সে-ই ভালো শিক্ষা পাবে; এটা যেন ভারতে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতের বাজেটের ২০ শতাংশ বরাদ্দ হয় সামরিক খাতে আর শিক্ষায় বরাদ্দ থাকে আড়াই শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইট ইম্পেরিয়ালিজম, স্ট্যান্ড টুগেদার আন্দোলনের দুই সমন্বয়ক রেমিরো ফুনেজ এবং কলিন গিলান ডেভিডসন বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর শিক্ষার মান হ্রাস পাচ্ছে। যেই শিক্ষার মাধ্যমে অর্থ আয় করা যায়, শুধু সে রকম শিক্ষাকে উৎসাহ দেওয়া হচ্ছে। শিক্ষা সেখানে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত বলেন, দেশে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাইতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কয়েক গুণ বেশি। সরকার মৌলিক বিষয়গুলোর চেয়ে কারিগরি ও চাকরির বাজারের প্রয়োজন অনুযায়ী বিষয়গুলোতে বেশি অর্থ বরাদ্দ করছে।
ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবীবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নেপাল ন্যাশনাল ইনডিপেন্ডেন্ট স্টুডেন্ট ইউনিয়নের (রেভল্যুশনারি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোপাল কৃষ্ণ নিউপেন, ছাত্র ফেডারেশনের সভাপতি সামিউল আলম প্রমুখ।