'টাকায় তো আর মা বলে ডাকে না?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমায় সোহাগ বিশ্বাসের মৃত্যুর প্রায় তিন মাস হতে চলল। কিন্তু সোহাগের দৃষ্টিপ্রতিবন্ধী মা সেলিনা বেগম খুঁজে বেড়ান ছেলেকে। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, দরজা খুলে বের হন বাইরে। কেন দরজা খুললেন—জিজ্ঞাসা করলে বলেন, ‘কেন? আমার সোহাগ যে ডাক দিয়ে বলল, মা দরজা খোলো, আমি আইছি।’
গত ১৮ জানুয়ারি বরিশালের উজিরপুরের সানুহারিতে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান ট্রাকচালকের সহকারী সোহাগ বিশ্বাস (১৭)। গত শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামে সোহাগের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মাসহ পরিবারের অন্যদের সঙ্গে।
সোহাগের মৃত্যুর পর বেশ কিছু আর্থিক সহযোগিতা পেয়েছে এই পরিবারটি। ঘটনার দিন পুলিশ পাঁচ হাজার টাকা দিয়েছিল অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ। জেলা প্রশাসন দিয়েছিল ১০ হাজার টাকা। গত ১২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাঁচ লাখ টাকার চেক পেয়েছেন সোহাগের মা সেলিনা বেগম। চেক জমা দিয়ে প্রতি মাসে পাচ্ছেন পাঁচ হাজার টাকা। সোহাগের কথা তুলতেই কান্নাজড়িত কণ্ঠে সেলিনা বেগম বলেন, ‘বাবা রে, আমারে কোটি কোটি টাকা দিয়া ঢাইকা দিলেও সুখ নাই। আমার বাবারে হারাইছি, তারে আর ফিরা পাবো না। টাকায় তো আর মা বলে ডাকে না?’
দুই মেয়ে নিয়ে আমি বাঁচব কীভাবে?: গত ৭ ফেব্রুয়ারি একসঙ্গে স্বামী ও বাবাকে হারান ফরিদপুর সদরের ডোমরাকান্দি গ্রামের রীতা আক্তার (২৮)। ওই দিন ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলারা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক রীতা আক্তারের স্বামী ইজায়দুল, রীতার বাবা মোতালেব শেখ (৬৫) ও চালকের সহকারী ফরিদপুর শহরের গোয়ালচামট মহলার বিহারি কলোনির মুন্নু বিশ্বাস (৪৭)।
একসঙ্গে স্বামী ও বাবাকে হারিয়ে দুই শিশু মেয়েকে নিয়ে অকূলপাথারে পড়েছেন রীতা। বড় মেয়ে ইভা আক্তার চৈতি (৯) চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে ইলা আক্তার ইমার বয়স মাত্র তিন বছর। দুই মেয়েকে নিয়ে রীতা ডোমরাকান্দি এলাকার একটি বাড়িতে মাসিক ১ হাজার ৫০০ টাকায় ভাড়া থাকেন। দুই মাস ধরে বাড়িভাড়ার টাকাও পরিশোধ করতে পারেননি।
রীতা জানান, তাঁর স্বামী ও বাবার দাফনের জন্য জেলা প্রশাসন ১৫ হাজার টাকা দিয়েছিল। এ ছাড়া কোনো আর্থিক সাহায্য পাননি। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রীতাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করার সুযোগ করে দিয়েছেন।
রীতা বলেন, ‘এক মাস ধরে আমি হাসপাতালে বেতন ছাড়াই কাজ করছি। কবে সার্কুলার দেবে, কবে চাকুরি হবে বুঝতে পারছি না। স্বামী ঘরে কিছু চাল কিনা রাখছিল, তাই এত দিন দুই মেয়েকে নিয়া খাইয়া আছি। সে চালও ফুরিয়ে গেছে। এখন আমি দুই মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব?’
সেলাই করে সংসার চালান মুন্নুর স্ত্রী: ৭ ফেব্রুয়ারি একই ট্রাকে পেট্রলবোমায় নিহত হন চালকের সহকারী মুন্নু বিশ্বাস (৪৭)। তাঁর স্ত্রী পারভীন বেগম ফরিদপুর শহরের গোয়ালচামট বিহারি কলোনিতে থাকেন। তাঁর দুই ছেলে। বড় ছেলে খায়রুজ্জামান (২৫) বরিশালে একটি কোম্পানির গাড়ি চালান। আর ছোট ছেলে হাদিউজ্জামান (১৮) বেকার।
পারভীন বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর দিন জেলা প্রশাসন ১৫ হাজার টাকা দিয়েছিল। সাহায্য বলতে ওই টাকাই। আর কোনো টাকা পাইনি। শুনেছি, প্রধানমন্ত্রী সাহায্য করবেন। ডিসি অফিস থেকে নাম-ঠিকানা লিখে নিয়ে গেছে। সে ব্যাপারে কোনো উদ্যোগ দেখছি না।’
পারভীন বেগম আরও বলেন, ‘আমি আগে থেকেই সেলাই করে স্বামীর পাশাপাশি কিছু রোজগার করতাম। মাসে আড়াই হাজার টাকার মতো পাওয়া যায় সেলাই করে। সেই টাকায় তো আর সংসার চলে না।’