'টাকার অভাবে মেয়েকে ভাত খাওয়াতে পারিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাইল আইতত মোর বইনের দোকানোত যায়া ভাত খাইচু, আইজ সাকাল থাকি কিছুই খাও নাই, বাড়িত যায় কী খাইম জানো না।’ কথাগুলো বলছিল জেলা সদরের সোনারায় ইউনিয়নের জয়চণ্ডী গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সায়েম। আবু সায়েম উলট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তারা দল বেঁধে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কথা হয় তার সঙ্গে।

সায়েম জানায়, তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট সে। মা-বাবার সঙ্গে তারা গত চার দিন সোনারায় সংগলশী কলেজে থাকার পর গত মঙ্গলবার ঘরে ফিরেছে। কিন্তু বাড়িতে এখনো রান্না করার অবস্থা নেই বলে জানায় সে।

ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে বসে অলস সময় পার করছিলেন কয়েকজন। তাঁদের চোখেমুখে ক্লান্তির ছাপ। সেখানে ওই গ্রামের সাইফুল ইসলাম (৪০) বলেন, ভাত খাওয়ার জন্য মনটা উথালপাতাল করেছে। কয়েক দিন থেকে খিচুড়ি আর চিড়া খেয়ে আছেন। তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে সেলিনা ভাতের জন্য আমাকে বারবার হোটেলের দিকে নিয়ে গেছে। কিন্তু টাকার অভাবে মেয়েকে ভাত খাওয়াতে পারিনি, আমিও খেতে পারিনি।’ তিনি বলেন, লজ্জায় মানুষের কাছে ভাত চাইতে পারেননি তিনি। আজ সকালে আশ্রয়কেন্দ্র ছেড়ে তিনি ঘরে ফিরেছেন, কিন্তু ঘরবাড়ি এখনো বসবাসের উপযোগী নয়।

ইউনিয়নের জয়চণ্ডী, মাঝাপাড়া, কুমারপাড়া, কবিরাজপাড়া, শাহাপাড়া, সরকারপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার রাস্তা ও আবাদি জমি পানির নিচে তলিয়ে আছে।

সোনারায় ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘সরকারিভাবে ইউনিয়নে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ক্ষতিগ্রস্তদের এক কেজি করে চাল দেওয়া সম্ভব নয়। এ কারণে আমি ওই বরাদ্দের চাল নিতে অনীহা জানিয়েছি।’