‘টাকার গাছে’ পচন রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান চাষ বদলে দিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হাজারো মানুষের ভাগ্য। কিন্তু এ বছর পানগাছে পচন রোগ ধরেছে। এ রোগে নষ্ট হওয়ার পথে উপজেলার বহু পানের বরজ। তাই পানচাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। মলিন তাঁদের মুখ।বরাটিয়া গ্রামের কয়েকজন পানচাষি জানান, নানা ওষুধ ব্যবহারের পরও পানগাছের গোড়া পচন রোগ থামানো যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগও কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় চাষিরা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ নিয়ে বাজার থেকে ওষুধ কিনে বরজে ব্যবহার করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ থেকে পাতা পাড়লেই টাকা পাওয়া যায় বলে পানকে এ এলাকায় বলা হয় টাকার গাছ। উপজেলার বরাটিয়া, লক্ষ্মীয়া, দরদরা, হিজলিয়া, বাঘাপাড়া, ছেত্রাখালী, চালিয়াগোপ, মির্জাপুর ও মরুরা গ্রামে প্রায় ২৫০টি পরিবার পান চাষের ওপর নির্ভরশীল। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার পান দেশের অন্যান্য স্থানেও সরবরাহ করা হচ্ছে। কিন্তু পানে পচন রোগ ধরায় চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মির্জাপুর গ্রামের পানচাষি মো. শাহজাহান জানান, তিনি ২০ শতক জমিতে পানের বরজ করেছিলেন। পচন রোগে তাঁর পুরো বরজই নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও পচন রোগ রোধ করতে পারেননি। ছেত্রাখালী গ্রামের আবুল হোসেন বলেন, প্রতিবছর আষাঢ় মাস থেকে পানগাছে পচন রোগ দেখা দেয়। প্রথমে গাছের গোড়ায় পচন ধরে। পরে তা পুরো গাছে ছড়িয়ে পড়ে। এ বছর পচন রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বরাটিয়া গ্রামের মুসলেহ উদ্দিন জানান, তিনি এবার ১০ শতক জমিতে পান চাষ করেছেন। পচন রোগের কারণে একটি টাকাও আয় করতে পারেননি। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিউদ্দিন বলেন, অনুমোদিত সব ধরনের ছত্রাকনাশক একের পর এক ব্যবহার করেও পচন রোগ রোধ করা যাচ্ছে না। প্রতিকূল আবহাওয়ার জন্যই এ পচন রোগের ব্যাপকতা দেখা দিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।