'টাকার জন্যই জীবন গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অদূরে সাভারের এই স্থানটিতেই দাঁড়িয়ে ছিল রানা প্লাজা ভবন। তিন বছর আগে সেটি ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন। তাঁদেরই একজন এই নারীর সন্তান। গতকাল সকালে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি l ছবি: প্রথম আলো
রাজধানীর অদূরে সাভারের এই স্থানটিতেই দাঁড়িয়ে ছিল রানা প্লাজা ভবন। তিন বছর আগে সেটি ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন। তাঁদেরই একজন এই নারীর সন্তান। গতকাল সকালে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি l ছবি: প্রথম আলো

‘টাকার জন্যই জীবন চলে গেল। বেতন দেবে বলে ডেকে নিয়ে গেল। দোকানে অনেক বাকি পড়ছিল। মেয়ে বলছিল, বেতন পেলে সব শোধ করতে পারব। সেই আশায় কারখানায় গিয়ে মেয়ে আমার লাশ হয়ে ফিরল।’
মেয়ে রাফিজার কবর জিয়ারত করতে এসে বাবা লিয়াকত আলী শেখ এভাবেই বিলাপ করছিলেন। বারবার বলেন, ‘টাকার জন্যই জীবন গেল। মাফ করে দাও আল্লাহ।’
ঢাকার জুরাইন কবরস্থানে রাফিজার মতো ২৯১ জন পোশাকশ্রমিক ঘুমিয়ে আছেন। সবাই ধসে যাওয়া রানা প্লাজার পাঁচ কারখানার শ্রমিক। পরিচয় শনাক্ত না হওয়ায় তাঁদের ঠাঁই হয় এখানে। গার্মেন্টস শ্রমিক সংহতি জানায়, ডিএনএ পরীক্ষার পর ১৭৭ কবরের পরিচয় শনাক্ত করা গেছে।
রানা প্লাজা ধসের ঘটনার তিন বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার। লিয়াকত আলীর মতো অনেক স্বজন, শ্রমিক সংগঠন ও বিজিএমইএর নেতারা গতকাল জুরাইন কবরস্থানে আসেন। শ্রদ্ধা জানান। দোয়া পড়েন। সকালেই শত শত শ্রমিক মিছিল নিয়ে আসেন। সঙ্গে ছিলেন নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজন, আহত শ্রমিক ও সাধারণ মানুষ।
গতকাল বেলা সোয়া ১১টার দিকে লিয়াকত আলী গোপালগঞ্জ থেকে জুরাইন আসেন। তারপর বললেন, ‘প্রধানমন্ত্রীর কাছে দাবি, কবরগুলোতে সিমেন্টের খুঁটিতে নম্বর দিয়ে সংরক্ষণ করে দেন। আমরা যেন প্রতিবছর এখানে এসে কলিজার আগুন নিভাইতে পারি।’
জুরাইনে রানা প্লাজা ধসে নিহত পোশাকশ্রমিকদের কবরগুলো অনাদরেই আছে। অধিকাংশ কবরের সামনে ডিএনএ নমুনার নম্বরসংবলিত ছোট সাইনবোর্ড নেই। ফলে স্বজনেরা নম্বর জানলেও কবর খুঁজে পেতে ভোগান্তিতে পড়েন। বিজিএমইএ ২৪ এপ্রিল উপলক্ষে গত শনিবার ২০টি কবর পরিষ্কার করায়। সেখানেই গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া পাঠ করেন।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগ, বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা জুরাইনে শ্রদ্ধা জানান।
এদিকে সাভারে ধসে যাওয়া ভবনের সামনে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসনসহ শ্রমিক ও সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল শ্রদ্ধা জানায়। নিহত ব্যক্তিদের স্বজনেরাও আসেন এবং শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে সাতটার দিকে ধসে পড়া রানা প্লাজার এক কোণে বসে বিলাপ করছিলেন নিহত শ্রমিক শান্তর মা খোরশেদা বেগম। এপ্রিল মাস এলেই জামালপুর থেকে সাভারে এক আত্মীয়ের বাসায় ওঠেন। ২৪ এপ্রিল পর্যন্ত ধসে পড়া ভবনের সামনে সকাল-বিকেল বসে ছেলের নানা কথা বলছিলেন। তিনি বললেন, ‘এপ্রিল আইলেই আমার ঘুম হারাম হইয়া যায়। মনে হয়, এইহানে আইলেই শান্ত আমারে আম্মু কইয়া ডাক দিব।’
সাভারে সকাল থেকেই আলোকচিত্র প্রদর্শনী করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ ইমার্জেন্সি রেসকিউ ভলান্টিয়ার দোয়া মাহফিল করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণেও মিলাদ মাহফিল হয়।
এদিকে ২৪ এপ্রিল ছুটি ঘোষণা না করায় শ্রদ্ধা নিবেদন শেষে কয়েক শ শ্রমিক সাভারের পাকিজা টেক্সটাইল ও আল মুসলিম গ্রুপের কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় শিল্প পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।