'টাকার লোভে সাবেক অধ্যাপককে হত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর ডিওএইচএসের একটি ভবনে সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক (৬৮) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। র্যাব বলেছে, গ্রেপ্তার করা তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন টাকার লোভে আলী হোসেনকে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন আলী হোসেনের গাড়িচালক মাসুদ মল্লিক, মো. সায়েদ ফকির ও সুজন। বরিশালের গৌরনদী থেকে গত সোমবার রাতে সায়েদ ও সুজনকে এবং ঢাকা সেনানিবাসের ইসিবি চত্বর এলাকা থেকে মাসুদ মল্লিককে গ্রেপ্তার করেন র্যাব-৪-এর সদস্যরা।
১১ অক্টোবর আলী হোসেনের হাত-পা বাঁধা লাশ বনানী ডিওএইচএসের ২ নম্বর সড়কের ৫৩/এ নম্বর ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়।
শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর আলী হোসেন সৈয়দ গ্রুপ অব কোম্পানিতে যোগ দেন। বনানী ডিওএইচএসের ওই ভবনটিও সৈয়দ গ্রুপ অব কোম্পানির। স্থানীয় লোকজন বলেছেন, তিনি ওই ভবনটির চতুর্থ তলার একটি কক্ষে বসতেন এবং মাঝেমধ্যে রাতে থাকতেন। প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হায়াতুজ্জামান সপরিবারে বিদেশে থাকায় আর্থিক লেনদেন তিনিই করতেন।
আলী হোসেনের ভায়রা মাহবুবুর রহমান ১১ অক্টোবর প্রথম আলোকে বলেছিলেন, আলী হোসেন সর্বশেষ ইডেন কলেজে অধ্যাপনা করেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, কবি নজরুল কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন।
গতকাল মঙ্গলবার কল্যাণপুরে কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে র্যাব-৪-এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবীর বলেন, এক বছর ধরে সৈয়দ গ্রুপে আলী হোসেনের গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন মাসুদ মল্লিক। আলী হোসেনের লেনদেন সম্পর্কে তিনি জানতেন। মাসুদ মল্লিক টাকার লোভে পড়ে এই হত্যার পরিকল্পনা করেন বলে তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যা বকে বলেছেন। জিজ্ঞাসাবাদে মাসুদ বলেছেন, বেশি কাজ থাকলে আলী হোসেন মিরপুরের ১০ নম্বরের বাসায় না গিয়ে ডিওএইচএসের ওই ভবনের চতুর্থ তলার কক্ষে রাতে থাকতেন। হত্যাকাণ্ডের দিনও বাসায় না গিয়ে তিনি সেখানে ছিলেন। এর কয়েক দিন আগে ব্যাংক থেকে ১৯ লাখ টাকা তোলেন আলী হোসেন। টাকা তোলার বিষয়টি জানতেন মাসুদ মল্লিক।
লক্ষাধিক টাকার জন্য কয়েক দিন ধরে আলী হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয় জানিয়ে লুৎফুল কবীর বলেন, পরিকল্পনার অংশ হিসেবে সায়েদ ফকির ও তাঁর চাচাতো ভাই সুজনকে নিয়ে ১০ অক্টোবর রাতে প্রথমে ভবনের দারোয়ান সেলিমকে কৌশলে চেতনানাশক ওষুধ মেশানো কোমল পানীয় পান করান মাসুদ মল্লিক। সেলিম অচেতন হয়ে পড়লে তাঁরা তিনজন মিলে চতুর্থ তলায় বিশ্রামরত অবস্থায় আলী হোসেনকে হাত-পা বেঁধে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর সিন্দুক থেকে দেড় লাখ টাকা লুট করেন তাঁরা। টাকা ভাগাভাগি করে ভোরবেলা পালিয়ে যান। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা আলী হোসেনের কক্ষে ছিল কি না, সেটি যাচাই করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
লুৎফুল কবীর বলেন, এই ঘটনায় আর্থিক বিষয় ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।