'টাঙ্গাইলে গ্রেপ্তার তিন নারীর স্বামীরা গুপ্তহত্যায় জড়িত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুলাই টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির তিন নারী সদস্যের স্বামীরাও সংগঠনটির সদস্য এবং বিভিন্ন স্থানে গুপ্তহত্যায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। ওই তিন নারীকে গত মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
একাধিক পুলিশ সূত্র জানিয়েছে, কালিহাতীর ওই নারীদের স্বামীদেরও আটক করা হয়েছে। তবে আটকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি পুলিশের কোনো কর্মকর্তা।
টাঙ্গাইল ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, কালিহাতী থেকে গ্রেপ্তার জেএমবির তিন নারী সদস্য হলেন রোজিনা বেগম, সাজিদা আক্তার ও জান্নাতি বেগম ওরফে জেমি। ৪ জুলাই রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সংযোগ সড়কের পাশে যোকারচর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোজিনার স্বামীর নাম মোকসেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ, সাজিদা আক্তারের স্বামীর নাম নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান এবং জান্নাতি বেগমের স্বামীর নাম আবু সাঈদ ওরফে সবুজ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান বলেন, গ্রেপ্তার তিন নারী ও তাঁদের স্বামীরা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যায় জড়িত।
থানার উপপরিদর্শক কুতুব উদ্দিন সন্ত্রাস দমন আইনে বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যায় জড়িত উল্লেখ করে তিন নারী এবং তাঁদের স্বামীদের বিরুদ্ধে মামলা করেন।
স্বামীদের আটকের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে না চাইলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র তাঁদের আটকের খবর নিশ্চিত করেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই নারীদের প্রায় দুই সপ্তাহ আগেই যোকারচরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে আরও কয়েকজনকে ধরে নিয়ে যায় সাদাপোশাকের পুলিশ। কালিহাতী থানার ওসি আখেরুজ্জামান এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানায়, জেএমবির গ্রেপ্তার নারী সদস্যদের স্বামীদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে তাঁরা টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল জোয়ারদার, পাবনায় অনুকূল ঠাকুর আশ্রমের পুরোহিত, নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ী, গাইবান্ধায় হিন্দু ধর্মাবলম্বী জুতা ব্যবসায়ী, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক এবং কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান এক ব্যক্তিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, এ দলটি গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধী ওরফে শান্তর নেতৃত্বে কাজ করত।
পাবনায় গ্রেপ্তার দুই জেএমবি: এদিকে পাবনা অফিস জানায়, সুজানগর পৌর সদরের পালপাড়া মহল্লা থেকে শনিবার রাতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে সানাউল্লাহ ও ওমর ফারুক নামে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সানাউল্লাহর বাড়ি সুজানগর এবং ফারুকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। এ সময় ওই যুবকদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সুজানগর থানার ওসি নূর ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সানাউল্লাহর বোনের বাড়িতে জেএমবির সদস্যরা বৈঠক করছিল। রাত ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালালে টের পেয়ে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ সময় সানাউল্লাহ ও ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজনের নাম বলেছেন। আটক দুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁয় গ্রেপ্তার একজন: এদিকে নওগাঁর আত্রাইয়ে বারুনীতলা এলাকা থেকে জেএমবির সদস্য সন্দেহে মুঞ্জুরুল ইসলাম ওরফে মিলন নামের একজনকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আত্রাই থানার ওসি বদরুদোজ্জা বলেন, মুঞ্জুরুল ২০০৪ সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে।