‘টায়ার পুড়াইয়া ব্যারিগেড দেয় না, কিরম হরতাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তায় টায়ার পুড়াইয়া ব্যারিগেড দেয় না। গাড়িগুড়া ভাঙ্গে না, এইডা আবার কিরম (কেমন) হরতাল, বুঝলাম না।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বেলা ১১টায় ময়মনসিংহের নতুন বাজার এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান কথাগুলো বলেন।জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দল নিষিদ্ধ, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারসহ কয়েক দফা দাবিতে গতকাল হরতাল চলাকালে ময়মনসিংহে স্বল্পশিক্ষিত ও নিম্ন আয়ের মানুষ অবাকই হয়েছে। কারণ, সম্প্রতি ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বিএনপি ও জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ময়মনসিংহ শহরের নিম্ন আয়ের পেশাজীবী মানুষ আতঙ্কিত ছিল। বেলা একটায় শহরের তাজমহল মোড়ে হাতেগোনা কিছু ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) দেখা যায়। অপেক্ষমাণ যাত্রীর তুলনায় ইজিবাইক কম হওয়ায় মানুষের জটলা ছিল। সেখানে কথা হয় পথচারী জালাল উদ্দিনের সঙ্গে। তিনি জানান, তাঁর বাড়ি ফুলপুর উপজেলার কাশীগঞ্জ বাজারের কাছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে অসুস্থ আত্মীয়কে দেখতে টেম্পোতে করে তিনি ময়মনসিংহ শহরে এসেছেন। আসতে কিছুটা বিড়ম্বনা হলেও শহরে এসে যখন বুঝলেন, এই হরতালে জীবনের ঝুঁকি নেই, তখন তাঁর খুব ভালো লাগল। ইজিবাইকচালক জসিম মিয়া জানান, সব হরতাল এ রকম হলেই ভালো হতো, মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি হতো না। শান্তিপূর্ণ হরতালে গতকাল ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে হরতাল সমর্থনকারীরা গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।