‘টিঁয়া তো দূরে থাক খানাও হাই ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৫০০ টিঁয়া (টাকা) দিবো কই মিছিলে লই আইছে, টিঁয়া তো দূরে থাক, খানাও হাই ন।’ মনোয়ারা বেগম নামের এক নারী এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং বিএনপি-জামায়াতের ‘তাণ্ডবের’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। অনেককে টাকার প্রলোভন দেখিয়ে মিছিলে আনা হয় বলে অভিযোগ উঠেছে। পরে টাকা না পেয়ে মনোয়ারার মতো অনেকে ক্ষোভ প্রকাশ করেন।আয়োজক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক বাস ও ট্রাকে করে কয়েক হাজার নেতা-কর্মী শহরে পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে উত্তর তেমুহনী এলাকায় পথসভা হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, গত তিন বছর জামায়াত-বিএনপিকে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আর নয়। আজ থেকে শহরসহ লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপি ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো। তাদের আর পথে নামতে দেওয়া হবে না।পথসভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে কয়েক শ নারীও অংশ নেন। কয়েকজন নারীকে কোলে শিশু নিয়ে মিছিল করতে দেখা যায়।মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শিশুপার্কে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।সদর উপজেলার বড় ভল্লবপুর গ্রামের শাহেনূর বেগম, হামছাদী ইউনিয়নের মনোয়ারা বেগমসহ কয়েকজন নারী প্রথম আলোকে বলেন, মিছিলে যোগ দিলে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা ও দুপুরে খাবার দেওয়ার প্রুতিশ্রুতি দেন স্থানীয় নেতারা। তাই কষ্ট করে ছোট ছেলেমেয়েদের নিয়ে তাঁরা মিছিলে যোগ দেন। কিন্তু মিছিল শেষে তাঁদের টাকা দেওয়া হয়নি। জোটেনি খাবারও।সদর উপজেলার নন্দনপুর গ্রামের শামছুন্নাহার, লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়র্ডের নাজমা আক্তারও টাকা না পেয়ে ক্ষুব্ধ। তাঁরা নেতা-কর্মীদের গালাগাল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।নাম প্রকাশ না করার শর্তে কুশাখালী, দিঘলী ও তেওয়ারীগঞ্জের একাধিক নেতা বলেন, তাঁদের অনেকে খাবার পাননি।রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, ‘আমার উপজেলা থেকে ২০টি বাস, মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেলে প্রায় তিন হাজার মানুষ এসেছে এই মিছিলে। কিন্তু তাদের অনেকে খাবার পায়নি।’টাকার প্রতিশ্রুতি দিয়ে মিছিলে লোক আনার অভিযোগ প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, প্রায় ১৩ হাজার মানুষের জন্য খাবার প্যাকেট আনা হয়। কিন্তু মিছিলে কম করে হলেও ২০ হাজার মানুষ যোগ দেয়। এ কারণে তাৎক্ষণিকভাবে সবাইকে খাবার দেওয়া সম্ভব হয়নি।