'টিকফা জাতীয় স্বার্থ বিপন্ন করবে'
জনগণকে কিছু না জানিয়ে টিকফা চুক্তি করছে সরকার। শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, এই চুক্তি সামরিক ক্ষেত্রেও হুমকিস্বরূপ। তাই দেশ রক্ষার স্বার্থে এই চুক্তির বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে।
গতকাল বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ আয়োজনে ‘টিকফা চুক্তি ও জাতীয় স্বার্থ’ বিষয়ে এক সেমিনারে এই আহ্বান জানান বক্তারা।
সেমিনারে বক্তারা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের সেবা খাত ও তথ্যপ্রযুক্তি মার্কিন স্বার্থের করায়ত্ত হবে। জীবন রক্ষাকারী ওষুধসহ নানা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর বিপুল পরিমাণ স্বত্ব ফি আরোপের ফলে এসব জিনিসের দাম বেড়ে যাবে। কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা বলেন, চুক্তি না করলে জিএসপি সুবিধা বাতিল করে দেবে বলে আমেরিকা হুমকি দিয়েছিল, কিন্তু এর আগেই এই সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক হাসান তারিক চৌধুরী।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ এম এম আকাশ। বিজ্ঞপ্তি।