'টিকফা' চুক্তি জাতীয় স্বার্থবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টিকফা’ চুক্তি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। তাঁরা বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ আইনিভাবে মার্কিন সাম্রাজ্যবাদের আজ্ঞাবহ দেশে পরিণত হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় নেতারা এ কথা বলেন। সভায় গণবিরোধী ও দেশবিরোধী চুক্তি রুখে দাঁড়ানো এবং লুটেরা শাসকদের বিপরীতে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, বিভিন্ন ধারা বিশ্লেষণ করে দেখা গেছে, চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, সেবা খাত মার্কিন কর্তৃত্বে চলে যাবে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুরক্ষা দেওয়ার যে বিধান এই চুক্তিতে আছে,
তার মাধ্যমে বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতির আইনগত অনুমোদন লাভ করবে। দেশের সার্বভৌমত্ব কার্যত মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত হবে এই চুক্তির মাধ্যমে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান প্রমুখ।