‘টিকিট থাকলে পাঁচ টাকা না থাকলে ১০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ আগস্ট রোববার, সকাল আটটা আট মিনিট। ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি, যে যার মতো করে গাড়িতে উঠার চেষ্টা।কেউ কেউ ভেতরে উঠার চেষ্টা করছে। ব্যর্থ হলে উঠছে ছাদে। শিশু-বৃদ্ধকে নিয়েও ট্রেনের ছাদে উঠার চেষ্টা করতে দেখা যায়। প্রাণান্ত চেষ্টার পরও উঠতে না পারলে পরের ট্রেনের জন্য অপেক্ষা। এরই মধ্যে মই দিয়ে যাত্রীদের ট্রেনে ছাদে তুলে দেওয়ার কাজ করছেন কয়েকজন। তাঁরা যাত্রীপ্রতি পাঁচ টাকা ও ১০ টাকা করে আদায় করছেন। মই দিয়ে ট্রেনের ছাদে লোক তুলছেন মো. সুমন। তিনি বলেন, ‘আমার মতো পাঁচ-ছয়জন এ রকম মই নিয়ে যাত্রী উঠানোর কাজে সহযোগিতা করছেন। টিকিট থাকলে যাত্রীপ্রতি ট্রেনের ছাদে উঠতে পাঁচ টাকা, না থাকলে ১০ টাকা করে নিচ্ছি।’ট্রেনে উঠছিলেন মজিবুর রহমান। তিনি শ্রীপুরের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবার-পরিজন নিয়ে ট্রেনের ভেতরে উঠতে না পেরে মই দিয়ে সবাইকে ছাদে উঠিয়েছেন। শেষে তিনি নিজে উঠার সময় বলেন, ‘টিকিট কাটছি, জামালপুরে যায়াম। বাসে যাইবার চাই নাই, ভিড় অইব বইল্যা। কিন্তু এত সহালে ট্রেনেও যে এত ভিড় থাকবে, আগে বুচ্ছিলাম না। এহন চঙ্গ (মই) দিয়া ছাদে উঠতে অইল। টিকিট কাইট্যা ট্রেনেও শান্তি নাই।’ মজিবুর জানান, তিনি পাঁচ টাকা করে দিয়ে মইয়ের সাহায্যে ছাদে উঠেছেন।শফিকুল ইসলাম চাকরি করেন মাওনা চৌরাস্তার একটি আসবাবের দোকানে। তিনি বলেন, ‘বউ আর বাচ্চা নিয়া আইছলাম। গফরগাঁও যায়াম। কিন্তু এত ভিড় টিকিট কাইট্যাও উঠবার পারছি না। পরের ট্রেনে যায়াম।’কমলাপুর স্টেশন থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন কাজিম উদ্দিন। তিনি বলেন, ‘টিকিট কেটে ট্রেনে উঠেছি। দুজনের সিটে চারজন বসে যাচ্ছি। ট্রেনের ভেতরেও তিল ধারণের জায়গা নাই। ট্রেনটি সব স্টেশনে যাত্রাবিরতি দেয় না। তার পরও এত ভিড়।’মই ব্যবহার করে ট্রেনের ছাদে উঠতে সাহায্য প্রসঙ্গে শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ বলেন, মই ব্যবহারের জন্য কেউ কোনো অনুমতি নেয়নি।