'টিটু মিলনায়তন'-এর নামফলকে 'শহীদ'
দীর্ঘ দাবির পরও বগুড়া পৌরসভা থেকে শহরের এডওয়ার্ড পার্ক-সংলগ্ন ‘টিটু মিলনায়তন’-এর নামফলকে ‘শহীদ’ শব্দ যুক্ত না করায় সাংস্কৃতিক কর্মীরা নিজেদের উদ্যোগে ‘শহীদ টিটু মিলনায়তন’ লেখা নামফলক টানিয়ে দিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে শহীদ টিটুর ভাই টি এম মুসাকে সঙ্গে নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা টিটু মিলনায়তনের সামনে শহীদ টিটুর প্রতিকৃতি অঙ্কিত নামফলক টানিয়ে দেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুস সোবহান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
তৌফিক হাসান বলেন, এই উদ্যোগে পৌরসভার মেয়রের সম্মতি রয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে এই মিলনায়তনের নাম ‘শহীদ টিটু মিলনায়তন’ নামকরণ করা হলেও বগুড়া পৌরসভা সংস্কারের নামে কয়েক বছর আগে নামফলক থেকে ‘শহীদ’ শব্দটি মুছে দেয়। শহরের সাংস্কৃতিক চর্চার অন্যতম এই মিলনায়তনের নামফলকে ‘শহীদ’ শব্দ যুক্ত করার জন্য স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা দাবি জানিয়ে এলেও পৌর কর্তৃপক্ষ তা পাশ কাটিয়ে যাচ্ছিল।
এ নিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। সম্প্রতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বগুড়া সফরে এলে বিষয়টি তাঁর নজরে আনেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। কিন্তু তাতেও মিলনায়তনের নামফলকে ‘শহীদ’ শব্দ যুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি বগুড়া পৌরসভা।