‘টিপাইমুখ বাঁধ প্রকল্প বাতিলের সুস্পষ্ট ঘোষণা চাই’
সিলেটের সুরমা নদীর পানিতে ‘টিপাইমুখ বাঁধের প্রতিকৃতি নিক্ষেপ’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা সিলেট জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচিতে নগরের বিভিন্ন স্তরের শতাধিক পেশাজীবী-শিক্ষক-ছাত্র-সংস্কৃতিকর্মী অংশ নেন। বেলা সাড়ে চারটায় নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের ওপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। এ সময় অংশগ্রহণকারী সবাই টিপাইমুখ বাঁধের আলোকচিত্র ছিঁড়ে সুরমা নদীতে নিক্ষেপ করেছেন। এর আগে এক সমাবেশে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের আসন্ন বাংলাদেশ সফরের সময় টিপাইমুখ বাঁধ প্রকল্প বাতিলের সুস্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন। চারটায় জালালাবাদ পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টি সিলেট শাখার সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, রাজনীতিবিদ সিকান্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সৈয়দ মনির হেলাল, সাংবাদিক আবদুল মালিক, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ফাদার যোসেফ গোমেজ, সংস্কৃতিকর্মী নিলাঞ্জন দাশ, আদিবাসী ছাত্রনেতা মিন্টু দেশোয়ারা প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। পরে উপস্থিত বিভিন্ন স্তরের নেতারা মিছিল সহকারে সুরমা নদী অভিমুখে রওনা দেন।