‘টিপাইমুখ বাঁধ সাক্ষাৎ যম, এ চুক্তি বাতিল করুন’
বাংলাদেশের মানুষের কাছে টিপাইমুখ বাঁধ প্রকল্প দ্বিতীয় ফারাক্কা, যেন এক সাক্ষাৎ যম। অবিলম্বে এই বাঁধ নির্মাণে করা চুক্তি বাতিল করতে হবে।গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তাদের কথার মূল সুর ছিল এটি। এ সমাবেশ ছাড়াও রাজধানীতে বিভিন্ন দল ও সংগঠন টিপাই মুখ বাঁধ বিষয়ে ভারতে চুক্তি স্বাক্ষরের প্রতিবাদ জানিয়েছে।বাপার সমাবেশে বক্তারা বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশকে না জানিয়ে ভারত বাঁধ নির্মাণের জন্য চুক্তি সই করেছে। ভারতের প্রধানমন্ত্রী তাঁর কথা রাখেননি। এতে আমরা উদ্বিগ্ন, দুঃখিত, ক্ষুব্ধ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাপার এক সেমিনারেও ওই চুক্তির সমালোচনা করে তা বাতিলের দাবি করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নিউজিল্যান্ডের ওতাগো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডগলাস হিল, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক প্রমুখ। গণসংহতি আন্দোলন চুক্তির প্রতিবাদে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তারা বলেন, এই বাঁধ নির্মাণের চেষ্টা প্রতিহত করতে হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই চুক্তি সম্পর্কে সরকারের প্রতিক্রিয়া কী তা জনগণকে জানানো হোক।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে দেশপ্রেমিক শক্তি ও জনগণকে একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে জোর প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানান। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া পৃথক বিবৃতিতে একতরফাভাবে বাঁধ নির্মাণ থেকে সরে আসার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা বাংলাদেশ সরকারের অবস্থানের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। জেএসডির সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এক বিবৃতিতে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে বিষয়টি উপস্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতে গত ২২ অক্টোবর একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে।