‘গুলাগুলি দ্যাখতে একটু কৌতূহল হইল। তাই আমি থাইক্যা গেলাম। একসময় মনে হইল, এগুলা তো টিভিতে দেখাবে। আমি সিসি ক্যামেরার সামনে যাই। পরে বড় বোন সাবিনা ফোন দিছে পরে বাসায় চলে আসছি।’
এ কথা নরসিংদীর রুমা আক্তারের (৩৫)। সিসিটিভির ফুটেজে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সময় কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল তাঁকে। এ কারণে ওই হামলায় সন্দেহভাজন হিসেবে পরে নরসিংদীর শিবপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য না পাওয়ায় গত সোমবার বিকেলে রুমাকে ছেড়ে দেওয়া হয়।
নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা রুমা এখন আছেন জেলার শিবপুরের চরখুপী গ্রামে বড় বোন ফরিদা বেগমের বাড়িতে। সেখানে প্রথম আলোর সঙ্গে আলাপকালে গুলশানে হামলার দিনে তাঁর অবস্থান ও গ্রেপ্তার হওয়া থেকে ছাড়া পাওয়া পর্যন্ত ঘটনার বর্ণনা দেন তিনি।
রুমা বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনার আগে তিনি একটি বাসায় কাজ করতেন। সেখানে একটি শিশুকে দেখভালের দায়িত্ব ছিল তাঁর। হামলার কয়েক দিন আগে তিনি কাজ ছেড়ে দেন। ঈদের আগেই বাড়ি চলে আসেন।
রুমা বলেন, ‘ঘটনার দিন আমি ওই এলাকার এক চায়ের দোকানের কাছে ছিলাম। সেখানে নাসিরউদ্দিন নামে পাশের বাসার এক ড্রাইভার ছিল। জরুরি কথা আছে বলে সে আমার ফোন নম্বর চাইল। আমার সাথে একটি পুরান সাদা ব্যাগ ছিল। পরে যখন গুলাগুলির শব্দ শোনা যায়, তখন আমি ভাবছিলাম হয়তো বিদ্যুতের ট্রান্সমিটার পুইড়্যা গ্যাছে বা গাড়ির চাকা পানচার হয়্যা গেছে। পরে নাসির বলল, ‘আপা মনে হয় গুলাগুলি হইতেছে। আমি চলে যাই।’
গ্রেপ্তার হওয়ার বিবরণ দিতে গিয়ে রুমা বলেন, ১৯ জুলাই রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের সময় সাদা ব্যাগটা খুঁজছিল। তবে পুরোনো হয়ে যাওয়ায় ওই ব্যাগ তিনি ঢাকায় ফেলে আসেন। ওই রাতেই পুলিশ গুলশানের নতুনবাজার এলাকার বাসায় গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ঘরেও তল্লাশি চালায়। তবে কিছু পায়নি।
রুমা বলেন, তাঁকে প্রথমে সরাসরি ডিবি অফিসে নিয়ে তিন দিন রেখে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ওইখানে কী করছিলেন তা বারবার জানতে চাওয়া হয়। রুমা বলেন, ‘আমি সব কইলাম। পরে র্যা বের লোকজন আইসা তাদের সঙ্গে নিয়ে যায়।’
রুমা বলেন, তাঁকে সব সময় চোখে কালো কাপড় বেঁধে রাখা হয়। তিনি বলেন, ‘আমাকে কিছু করে নাই। তবে নাসিরকে অনেক মারছে। আমি অনেক ডরাইছি। তবে তারা অনেক ভালো খাবার-দাবার খেতে দিছে।’
রুমা বলেন, গত রোববার আদালতে তোলার পর রাতে তাঁর বোনকে ফোন করে তাঁকে বাড়ি নিয়ে যেতে বলা হয়। সোমবার বোনেরা তাঁকে নিয়ে যান।
রুমা আক্তারের বড় বোন সাবিনা আক্তার বলেন, ‘ঢাকার ডিবি অফিস থেকে ফোন দিয়া বলছিল রুমাকে নিয়া আসতে। আমরাও খুব ভয়ে ছিলাম। তবে জানতাম আমার বোন রুমার দৌড় কত দূর। সে নির্দোষ প্রমাণিত হবে।’
সাবিনা বলেন, সোমবার রুমাকে তাঁদের কাছে দেয়। তিনিও দাবি করেন, ‘আসলে টিভিতে দেখাবে বলেই সে সিসি ক্যামেরার সামনে ঘোরাঘুরি করেছে।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘খবর পেয়েছি, রুমা আক্তারের কাছে কোনো তথ্য না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’